আইটিএফ অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিসে রানার্সআপ হয়েছে বাংলাদেশের জাওয়াদ–তানভীর জুটি
আইটিএফ অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিসে রানার্সআপ হয়েছে বাংলাদেশের জাওয়াদ–তানভীর জুটি

আইটিএফ অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিস

বাংলাদেশের খেলোয়াড়দের হৃদয় ভাঙল পাকিস্তান

আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের ফাইনালে কালেভদ্রে ওঠে বাংলাদেশের খেলোয়াড়েরা। ঢাকায় অনুষ্ঠিত আইটিএফ অনূর্ধ্ব-১৪ রিজিওনাল ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে ছেলেদের দ্বৈতের ফাইনালে ওঠা জাওয়াদ মোহাম্মদ ভূঁইয়া ও তানভীর মুন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিল।

কিন্তু বাংলাদেশের জুটির হৃদয় ভেঙেছে পাকিস্তানের হামজা রোমান ও আবু বকর তালহা জুটি। রমনা শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে আজ জাওয়াদ-তানভীর জুটিকে ৬-৩, ৬-০ গেমে হারিয়েছে হামজা ও আবু বকর।

বয়সভিত্তিক এই টুর্নামেন্টে ফেবারিট হিসেবে খেলেই চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানের খেলোয়াড়েরা। পেশোয়ার থেকে উঠে আসা হামজা পাকিস্তানের অনূর্ধ্ব-১৪ গ্রুপে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে। ২০১৯ সালে মাত্র ১০ বছর বয়সে খাইবার পাখতুন টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষ এককে খেলেছিল সিনিয়র বিভাগে। ওই প্রতিযোগিতায় সিনিয়র বিভাগের খেলোয়াড় জাহিদ খানকে হারিয়ে চমকে দিয়েছিল।

 
যেখানে পাকিস্তানের খেলোয়াড়েরা নিয়মিত টেনিসের চর্চা করছে, সেখানে বাংলাদেশ এই টুর্নামেন্টে অংশ নিয়েছে মাত্র ১৫ দিনের অনুশীলনে। এরপরও ফাইনালে উঠতে পেরেই খুশি জাওয়াদ, ‘আমরা মূলত অভিজ্ঞতার কাছে হেরেছি। এই টুর্নামেন্টের জন্য আমাদের প্রস্তুতি তেমন ছিল না। কিন্তু পাকিস্তানের ছেলেরা সারা বছর অনুশীলনের মধ্যেই থাকে। আমাদের প্রয়োজন বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলা।’

পাকিস্তানের খেলোয়াড় আবু বকর তালহা

লাহোর থেকে উঠে এসেছে পাকিস্তানের আরেক খেলোয়াড় আবু বকর তালহা। ঢাকায় তালহার সঙ্গে কোচ হিসেবে এসেছেন বাবা তালহা ওয়াহিদ। একসময় নিয়মিত টেনিস খেলতেন তিনি।

বর্তমানে কোচিং পেশায় জড়িত। জানালেন আবু বকরের এমন সাফল্যের পেছনের রহস্য, ‘সপ্তাহে ছয় দিন অনুশীলন করে আবু বকর। লাহোরে প্রচুর টেনিস একাডেমি আছে। স্থানীয় একটি একাডেমিতে সে অনুশীলন করছে। আসলে টুর্নামেন্ট জিততে হলে অনুশীলনের বিকল্প নেই। এখানে সে দুর্দান্ত টেনিস খেলছে।’