আইআইইউসি ঢাকা ক্যাম্পাসে মুক্ত সফটওয়্যার কর্মশালা

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ঢাকা ক্যাম্পাসে সম্প্রতি মুক্ত সফটওয়্যার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আইআইইউসি ওপেন সোর্স নেটওয়ার্ক (আইআইইউসি-ওএসএন) ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব এর আয়োজন করে। দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন আইআইইউসির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের বিভাগীয় প্রধান সামসুল আলম। কর্মশালায় মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু ইনস্টল পদ্ধতি, ফাইল ব্যবস্থাপনা, যন্ত্র ব্যবস্থাপনা, ব্যবহার পদ্ধতি ব্যবস্থাপনা, উবুন্টুর সর্বশেষ সংস্করণ ৯.১০-এর পূর্ণাঙ্গ ইনস্টল ব্যবস্থাপনাসহ মুক্ত সফটওয়্যারের বিভিন্ন বিষয় শেখানো হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন আইআইইউসি-ওএসএনের সদস্য মো. জাহেদ আলম, মো. জিয়াদ উদ্দিন ও মো. সিফাত রহমান। —প্রতিবেদক