হেল্পলাইন

আইকন সাজিয়ে রাখুন

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার খুললে প্রথমেই পর্দায় দেখা যায় ডেস্কটপ। ডেস্কটপে থাকা আইকনগুলো নিজের পছন্দমতো সাজাতে পারেন সহজেই। ডেস্কটপে মাউসের ডান ক্লিক করে View-এ যান। অনেক অপশন চলে আসবে। প্রথমেই থাকবে আইকনের আকার ছোট বড় করার অপশন। ডেস্কটপে বেশি আইকন থাকলে Small icons অপশনে ক্লিক করলে ছোট পরিসরে অনেক আইকন এঁটে যাবে। পরের অংশে আছে Auto arrange icons. এতে টিক দেওয়া থাকলে সেটা উঠিয়ে দিন। কারণ, অটো অ্যারেঞ্জ আইকনস নির্বাচিত থাকলে নিজের মতো করে আইকনগুলো সাজাতে পারবেন না। আর আইকন সাজানোর ভারটা যদি উইন্ডোজের ওপর ছেড়ে দিতে চান, তাহলে এতে অবশ্য টিক দিয়ে রাখতে পারেন। তারপর Align icons to grid অপশন থেকেও টিক উঠিয়ে দিতে হবে। ডেস্কটপে যদি কোনো আইকনই দেখতে না চান, তাহলে Show desktop icons অপশন থেকে টিক উঠিয়ে তা করা যাবে। একইভাবে পুনরায় ডেস্কটপের ভিউতে গিয়ে টিক দিলেই তা আবার চলে আসবে।
ডেস্কটপে বেশি আইকন রাখার বদলে সবচেয়ে ভালো হয় সেগুলো স্টার্ট মেনু বা টাস্কবারে রাখলে। এখান থেকে অ্যাপ্লিকেশন চালু করা যায় মাত্র এক ক্লিকেই। যে প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনটি টাস্কবারে অথবা স্টার্ট মেনুতে রাখতে চান, সেটির ওপর ডান ক্লিক করে Pin to Taskbar অথবা Pin to Start Menu অপশনটি বাছাই করুন। আবার রাখতে না চাইলে Unpin করে দিলেই চলবে।