এবার ভালভ আনছে গেম কনসোল

হার্ডওয়্যার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে গেম নির্মাতা প্রতিষ্ঠান ভালভ। সম্প্রতি প্রতিষ্ঠানটি হার্ডওয়্যার তৈরি করতে শুরু করেছে। প্রতিষ্ঠানটি ‘স্টেম বক্স’ নামে একটি গেম কনসোল ও এর সফটওয়্যার তৈরি করছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ এক খবরে এ তথ্য দিয়েছে। ভালভ কর্তৃপক্ষ ‘স্টেম বক্স’ নামের গেম কনসোলটি এপ্রিল মাসের গেম ডেভেলপার্স কনফারেন্সে ঘোষণা দিতে পারে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ‘স্টেম বক্স’ কনসোলটি জনপ্রিয় গেম কনসোল এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন ৩ ও অ্যাপল টিভির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। কনসোলটিতে নতুন প্রযুক্তির কন্ট্রোলার থাকছে। পাশাপাশি ডিভাইসটি টেলিভিশন বা কম্পিউটার যেকোনো ডিসপ্লেতেই কাজ করবে।