আগামী দুই মাসের মধ্যে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কের শহর হচ্ছে কলকাতা। আর এই ওয়াই-ফাই বিনা মূল্যেই ব্যবহার করা যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার কলকাতা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন। ১৫ দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হচ্ছে কলকাতার পার্ক স্ট্রিট ও এর আশপাশের এলাকায়।
ভারতে বেশকিছু সরকারি ও বেসরকারি অফিস, হোটেল, রেস্তোরাঁ, বিমানবন্দর, রেলস্টেশনে ওয়াই-ফাই ব্যবহারের সুবিধা থাকলেও খোলা জায়গায় এই সুবিধা নেই। কয়েক দিন আগে রাজধানী দিল্লির কনট প্লেসে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু করা হয়েছে। বেঙ্গালুরুতে কয়েক জায়গায় এই পরিষেবা রয়েছে। কিন্তু পুরো একটা শহরকে এই প্রথম বিনা মূল্যের ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। আর সেটি হচ্ছে কলকাতায়। কলকাতায় এই নেটওয়ার্ক চালাবে রিলায়েন্স গ্রুপ।
—অমর সাহা, কলকাতা