গ্রামীণফোন পেল গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড

এমডব্লিউসিতে টেলিনরের স্টল। ছবি: মোছাব্বের হোসেন
এমডব্লিউসিতে টেলিনরের স্টল। ছবি: মোছাব্বের হোসেন

পরিবেশবান্ধব কর্মসূচির জন্য মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন স্পেনের বার্সেলোনায় ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে গ্রিন মোবাইল অ্যাওয়ার্ড পেয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত দেড়টায় এবারের ১৯তম জিএসএমএ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ অভিনেতা জেমস কোর্ডেনসহ জিএসএমএর মহাসচিব অ্যানি বোভারেট, টেলিনরের প্রধান নির্বাহী জন ফ্রেডরিক বাকসাস।
প্রধান ছয়টি বিভাগে বিভিন্ন টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

গ্রিন পুরস্কার জেতার আগের দিন টেলিনরের প্রধান নির্বাহী বাকসাস তাঁদের প্যাভিলিয়নে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশকে টেলিযোগাযোগ অগ্রগতির ক্ষেত্রে বাতিঘর হিসেবে আখ্যায়িত করেছিলেন। বাংলাদেশের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন টেলিনরেরই একটি অঙ্গ প্রতিষ্ঠান।

জিএসএমএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা মোবাইল ও প্রযুক্তি যন্ত্র হিসেবে স্বীকৃতি পেয়েছে পাঁচটি। সেরা স্মার্ট ফোন এইচটিসি ওয়ান, অল্প দামে সেরা মোবাইল নকিয়া লুমিয়া ৫২০ মডেলের ফোন, সব ক্ষেত্রে ব্যবহূত সেরা ফোন নকিয়া ১০৫ মডেল, বছরের সবচেয়ে উদ্ভাবনী ফোন হিসেবে স্বীকৃতি পেয়েছে এলজি এবং সেরা ট্যাবলেট অ্যাপল আইপ্যাড এয়ার।
অ্যাওয়ার্ডের বিস্তারিত তথ্য জানতে যেতে পারেন এই লিংকে (http://www.globalmobileawards.com/winners-2014/)