চট্টগ্রাম সরকারি কলেজের লিচুতলায় গতকাল সোমবার সকাল থেকেই ভিড় ছিল শিক্ষার্থীদের। সুন্দরবনের পক্ষে ভোট দিতে এসেছে সবাই। আর এতে মোট এক হাজার ৫৯৪টি ভোট সংগৃহীত হয়েছে। কেউ ব্যস্ত নতুন ই-মেইল ঠিকানা খোলার কাজে, আবার কেউ ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে। সেখান থেকে তারা আরও একটি লাইনে দাঁড়িয়ে বিনা মূল্যে রক্তের গ্রুপ জেনে নিচ্ছে। পাশাপাশি সুন্দরবনের বিভিন্ন আলোকচিত্র ও ভিডিওচিত্র উপভোগেরও ব্যবস্থা রয়েছে। আর এসবের আয়োজন করেছে চট্টগ্রাম কলেজের সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোটদান কমিটি। সহযোগিতায় ছিল বাংলা লায়ন কমিউনিকেশনস লি. ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম কলেজ ইউনিট। ভোটদান কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ ইদ্রিস আলী বলেন, ‘আমরা কয়েক দিন থেকেই সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার জন্য কলেজের ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সবাইকেই উদ্বুদ্ধ করেছি। ভোট সংগ্রহের পাশাপাশি সুন্দরবনের ওপর আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, বিনা মূল্যে রক্তের গ্রুপ নিরূপণের ব্যবস্থাও রাখা হয়েছে।’যুব রেড ক্রিসেন্টের যুব উপপ্রধান শুভংকর দত্ত ও আবদুল্লাহ আল মনসুর বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ভোটদানে উৎসাহ জোগাতেই বিনা মূল্যে রক্তের গ্রুপ নিরূপণ করছি।’ সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট সংগ্রহ করা হয়। এ কার্যক্রম পরিচালনায় নিয়োজিত বাংলা লায়নের বিক্রয় নির্বাহী (সেলস এক্সিকিউটিভ) শিহাব উদ্দিন বলেন, ‘আমরা ওয়াইফাই জোনের আওতায় ল্যাপটপের মাধ্যমে ভোট সংগ্রহ করছি। আমাদের ১২টি ল্যাপটপের মধ্যে ছয়টি দিয়ে শিক্ষার্থীদের নতুন ই-মেইল ঠিকানা খোলা হচ্ছে এবং বাকি ছয়টি ভোট সংগ্রহের কাজে ব্যবহার করছি।’ —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস