
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য সারা দেশে ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে কাজ করছে সরকার। বর্তমানে দেশে ২৫ হাজার সক্রিয় স্টার্টআপ রয়েছে। এসব স্টার্টআপে কয়েক লাখ মানুষের কর্মসংস্থানও হয়েছে। বিদেশি বিনিয়োগও পাচ্ছে দেশি স্টার্টআপগুলো। আজ বুধবার রাজধানীর একটি হোটেলে হুয়াওয়ের তিনটি প্রতিযোগিতার উদ্বোধন করে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ।
অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় স্টার্টআপ এবং তরুণদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘আইসিটি ইনকিউবেটর’, ‘অ্যাপ ডেভেলপার’ এবং ‘টেক উইমেন’ শীর্ষক তিনটি প্রতিযোগিতা আয়োজনে উদ্যোগ নিয়েছে হুয়াওয়ে। আইসিটি ইনকিউবেটর প্রতিযোগিতার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে থাকা স্টার্টআপগুলোকে সহায়তা দেওয়া হবে। অ্যাপ ডেভেলপার এবং হুয়াওয়ে টেক উইমেন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টেক উইমেন প্রতিযোগিতায় শুধু নারীরা অংশ নিতে পারবেন।
হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং বলেছেন, প্রাথমিক পর্যায়ে থাকা স্টার্টআপগুলোকে সহায়তা করার পাশাপাশি কার্যকর এবং টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলতে আইসিটি ইনকিউবেটরের আয়োজন করা হয়েছে।