কাঠামো তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করে নতুন ধাতব স্মার্টফোন বাজারে আনতে পারে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া। নকিয়ার নতুন স্মার্টফোনটি লুমিয়া সিরিজের পরবর্তী স্মার্টফোন হিসেবে বাজারে আসতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের সূত্র উল্লেখ করে এনডিটিভি জানিয়েছে, লুমিয়ার পরবর্তী প্রজন্মের এ স্মার্টফোনটির কোডনাম হবে ‘ক্যাটওয়াক’। নকিয়ার হাই এন্ড বা দামি স্মার্টফোন সিরিজ ‘লুমিয়া ৯২০’-এর পরবর্তী সংস্করণ হবে ক্যাটওয়াক।ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাটওয়াক স্মার্টফোনটিতে বর্তমান লুমিয়া ৯২০ স্মার্টফোনের পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি কাঠামোর পরিবর্তে অ্যালুমিনিয়ামের কাঠামো ব্যবহূত হবে। লুমিয়া সিরিজে নতুন দুটি মডেল যুক্ত করবে নকিয়া। এ স্মার্টফোনগুলো হবে অনেক হালকা-পাতলা।নকিয়ার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটটির প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের শেষদিকে এই স্মার্টফোন বাজারে আনতে পারে নকিয়া। অ্যাপলের নতুন আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতেই নতুন এ স্মার্টফোন বাজারে আনতে পারে নকিয়া।প্রসঙ্গত, প্রযুক্তি বিশ্লেষকেদের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ধাতব স্মার্টফোন ছাড়াও নমনীয় প্রযুক্তির স্মার্টফোন তৈরিতে কাজ করছে নকিয়া।