ফেসবুকে খবরের লিংক পেতে

.

ব্যবহারকারীর ফেসবুক নিউজফিডে বিষয়বস্তু দেখানোর ধরনে পরিবর্তন আনছে ফেসবুক। এখন থেকে বন্ধু ও আত্মীয়দের স্ট্যাটাস ও ছবি (পোস্ট) নিউজফিডে প্রাধান্য পাবে। অপরদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের পোস্ট করা খবরের লিংক, ভিডিও ও ছবি নিউজফিডে কম দেখাবে। ফেসবুকের নিয়মিত ব্যবহারকারীদের জন্য খবরটি মোটেই মন্দ নয়। ব্যবহারকারীদের ফেসবুকে যতটা সম্ভব বেশি সময় ধরে রাখতে ফেসবুক প্রকৌশলীরা এর অ্যালগরিদম নিয়ে বেশ ঘাঁটাঘাঁটি করছেন। কিন্তু অনেকে আবার জানতে চাইছেন কীভাবে তাঁদের নিউজফিডে আগের মতো বিভিন্ন সংবাদমাধ্যমের লিংক পাবেন।
সে ক্ষেত্রে যা যা করতে হবে
* প্রথমত, যে ফেসবুক পেজের শেয়ার করা পোস্ট নিয়মিত পেতে চান, ব্রাউজারে সেই পেজ চালু করুন। প্রথম আলোর ফেসবুক পেজ থেকে শেয়ার করা খবর নিয়মিত পেতে চাইলে পেজে লাইক দেওয়া আছে কি না তা আগে দেখে নিন। যদি ডেস্কটপ কম্পিউটার থেকে ব্যবহার করেন তবে Like বাটনের পাশে ডাউন-অ্যারো আইকনে ক্লিক করুন। তবে মোবাইল থেকে ব্যবহারের ক্ষেত্রে Following লেখা বোতামে ক্লিক করতে হবে।
* ডেস্কটপ থেকে ব্রাউজ করলে In Your News Feed অপশন দেখতে পাবেন। সাধারণত default ঠিক করা থাকে। এর মানে হচ্ছে, আপনি এই পেজ থেকে কোন পোস্টগুলো দেখতে পাবেন, তা আপনার ফেসবুক ব্যবহারের ইতিহাসের ওপর নির্ভর করে স্বয়ংক্রিয়ভাবে অ্যালগরিদম নির্ধারণ করে দেবে।
* যদি আপনি ওই পেজের সব পোস্ট দেখতে চান, তবে ডিফল্টের বদলে See First নির্বাচন করতে হবে। স্মার্টফোন অ্যাপে See First অপশনটি ফলোয়িং বোতামের ঠিক নিচেই থাকে।
* আরও গভীরে যেতে চাইলে ‘ইন ইওর নিউজফিড’ লেখা বোতামের ডান পাশের পেনসিল আইকনে ক্লিক করতে হবে। সেখানে আপনি অপশনের আরেকটি তালিকা দেখতে পাবেন। সেখানে নির্দিষ্ট কোনো পেজ থেকে ঠিক কী কী দেখতে চান, তা ঠিক করে দিতে পারবেন।
কাছের মানুষদের পোস্ট ফেসবুক নিউজফিডে দেখালেও নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের পেজের পোস্ট দেখতে চাইলে এই প্রক্রিয়া অনুসরণ করতে পারেন।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস