রাজধানীর কারওয়ান বাজারের জনতা টাওয়ারকে সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে ঘোষণা দেওয়ায় আনন্দ সমাবেশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। গত বৃহস্পতিবার জনতা টাওয়ারে বেলুন উড়িয়ে এ আনন্দ সমাবেশের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেসিস সভাপতি মাহবুব জামান, সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান ও সফটওয়্যার টেকনোলজি পার্কের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলীসহ আরও অনেকে। মাহবুব জামান বলেন, ‘অনেক প্রতীক্ষার পর জনতা টাওয়ারকে সফটওয়্যার টেকনোলজি পার্ক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এ জন্যই এ আনন্দ আয়োজন।’ আগামী বিজয় দিবসের মধ্যেই এ পার্ক কাজ শুরু করতে পারবে বলে জানান তিনি। —জিয়াউর রহমান চৌধুরী