ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.

সমস্যা
দুই বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছি। ২০১১ সালে যখন এসএসসি পরীক্ষা দিই তখন বেশ ভালোই ছিলাম। নিয়মিত পড়াশোনা করতাম। ফলে এসএসসিতে জিপিএ-৫ পাই। কিন্তু কলেজে ভর্তি হওয়ার পর থেকে শুরু হয় সমস্যা। নিজেকে খুব অসুন্দর মনে হয়। আমার মুখে ব্রণের কারণে অনেক ক্ষত আর দাগ দেখা দিয়েছে। এ দাগের কারণে কোথাও যাই না। কারও সঙ্গে ভালোভাবে মিশতেও পারি না। দিন-রাত আয়নার সামনে বসে বসে কাঁদি। এসব কারণে এইচএসসিতে ভালো ফল করতে পারিনি। আমার ছোটবেলা থেকে স্বপ্ন, আমি ডাক্তার হব। কিন্তু এসব মানসিক অস্থিরতার জন্য এবার মেডিকেল ভর্তি হতে পারিনি। আগামী বছর আবার পরীক্ষা দিয়ে মেডিকেলে চান্স পেতে চাই। আমি সুস্থ হতে চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক, রংপুর
পরামর্শ
এই বয়সে মুখমণ্ডলের সমস্যা অনেকেরই হয়। বিশেষ করে যাদের ত্বক বেশি তৈলাক্ত, তাদের মুখে ধুলা-ময়লা তাড়াতাড়ি আটকে যায় বলে ব্রণ হতে পারে। এ ছাড়া সহজপাচ্য খাবার না খেলেও এ ধরনের সমস্যা হতে পারে। তোমার বাড়িতে যাঁরা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তাঁদের দায়িত্ব ছিল তোমাকে এ ব্যাপারে সাহায্য করা এবং মানসিকভাবে তোমাকে আশ্বস্ত করা, যাতে তুমি এতটা ভেঙে না পড়ো। বাইরে থেকে কাউকে কখনো একটু কম সুন্দর মনে হতেই পারে; তবে সে যদি মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হয় তাহলে তার প্রতি অন্যদের আকর্ষণ সব সময় অক্ষুণ্ন থাকে। পরিবারের সদস্যরা যদি তোমাকে শৈশব থেকেই এ মূল্যবোধগুলোর ব্যাপারে ধারণা দিতে পারতেন, তাহলে তুমি এ দুশ্চিন্তা ও বিষণ্নতা থেকে সহজেই বেরিয়ে আসতে পারতে।
যা-ই হোক, বয়ঃসন্ধি পেরিয়ে তুমি যখন প্রাপ্তবয়স্ক হবে তখন এ সমস্যা আর থাকবে না। সুতরাং দুশ্চিন্তা কোরো না। নিয়মিত শরীরচর্চা করা, হালকা খাবার খাওয়া এবং সুস্থ ঘুমের অভ্যাস করলে তুমি খুব তাড়াতাড়ি উপকার পাবে। চিকিৎসক হওয়ার স্বপ্নটি তোমার পরিবার থেকে বলা হচ্ছে কি না তা জানি না। তবে শুধু একটিমাত্র লক্ষ্য নিয়ে জীবনে চললে আমাদের খুব কষ্ট হয়। আমি অনুরোধ করব তুমি এর পাশাপাশি অন্য কয়েকটি বিষয়ের কথা মাথায় রেখে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমার বিশ্বাস, তোমার আরও অনেক বিষয়ে আগ্রহ এবং দক্ষতা রয়েছে। এখন তুমি যেহেতু একধরনের অবসেশনে ভুগছ, আমার মনে হয় তোমার কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া প্রয়োজন। রংপুর মেডিকেল কলেজে আশা করি এ ধরনের বিশেষজ্ঞ রয়েছেন, তুমি তাঁদের কারও সঙ্গে যোগাযোগ করো। প্রয়োজনে ঢাকায় এসে সাইকোথেরাপি বা কাউন্সেলিংয়ের সহায়তা নিতে পারো।
সমস্যা
আমার বয়স ১৭ বছর। আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আমি মানুষের সঙ্গে মিশতে চাই, কিন্তু সমস্যা হলো যাকে আমার অপছন্দ হয় তার সঙ্গে মিশতে পারি না, কথা বলতে পারি না। তাকে দেখলেই আমার বিরক্ত লাগে। আমি বুঝি এটা ঠিক নয়। তার পরও নিজেকে মানিয়ে কথা বলতে চাইলেও স্বাভাবিকভাবে কথা বলি না, মনে মনে রাগ থেকে যায়। আর যাকে ভালো লাগে তাকে অনেক বেশি পছন্দ করি। সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলে খুব কষ্ট পাই। আমি কাউকে ভালো বললে বা পছন্দ করলে তা প্রকাশ করতে পারি না। আমার মমতা বা স্নেহ প্রকাশ করতে পারি না।
যুঁথী, কুমিল্লা
পরামর্শ
আমার মনে হচ্ছে, তোমার মধ্যে কেবল সাদাকালোয় দেখার একটি প্রবণতা রয়েছে। সাদাকালোর মাঝে যে একটি ধূসর রঙের উপস্থিতি থাকে তা মনে হয় স্বীকার করে নিতে তোমার খুব অস্বস্তি হয়। শৈশবে তুমি কোনো ভুল করে ফেললে তোমাকে কি পরিবারের সদস্যরা খুব বেশি বিচারের সম্মুখীন করতেন? তোমার এ মনোভাবের জন্য নিজেকে পুরোপুরি দায়ী কোরো না, কেমন? তুমি একটি কাগজে লিখবে মানুষের মধ্যে কোন ধরনের মনোভাব ও বিশ্বাস থাকলে তোমার তাদের ভালো লাগে এবং কোন ধরনের মনোভাবসম্পন্ন মানুষের সঙ্গে তুমি সম্পর্ক রাখতে চাও না। তোমার মধ্যে কী কী সুস্থ মনোভাব ও বিশ্বাস রয়েছে তারও একটি তালিকা তৈরি করো। তালিকাগুলো তৈরির সময় তুমি যথেষ্ট মনোযোগ ও সততার সঙ্গে কাজটি করবে। দেখ যে, যেসব বিষয় অন্যের মধ্যে থাকলে তোমার বিরক্ত লাগে, তোমার মধ্যেও সে ধরনের প্রবণতা রয়েছে কি না। আর যে মানুষগুলোকে তোমার পছন্দ হয় তাদের মধ্যে সত্যিই তোমার পছন্দমতো গুণাবলি আছে কি না। এ ছাড়া সব স্তরের মানুষের সঙ্গে কষ্ট করে হলেও প্রতিদিন কিছু কথা অন্তত বলবে। সব সময় মনে রাখার চেষ্টা করবে, প্রতিটি মানুষকে শ্রদ্ধার চোখে দেখা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনের চারতলায় নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটে এসে সামাজিক দক্ষতার ওপর প্রশিক্ষণ নিতে পারলে তুমি বেশ উপকৃত হবে বলে আশা করা যায়। শুভকামনা রইল।