মাল্টিটাচ প্রোজেক্টর তৈরির কাজে হাত দিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। সম্প্রতি ‘টেকফেস্ট’ নামে মাইক্রোসফটের ঘরোয়া এক অনুষ্ঠানে মাল্টিটাচ প্রোজেক্টরসহ বেশকিছু প্রযুক্তি প্রকল্প দেখিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ এক খবরে এ তথ্য দিয়েছে।মাইক্রোসফটের মাল্টিটাচ প্রোজেক্টরটি ব্যবহারকারীর কাঁধে রাখার মতো করেই তৈরি। এ ক্ষেত্রে ব্যবহারকারী তাঁর হাত বা দেয়ালকে পৃষ্ঠ হিসেবে ব্যবহার করে সেখান থেকে যোগাযোগ করতে পারবে। বর্তমানে বাজারে থাকা উইন্ডোজ ফোন ডিজাইনের মতো মাল্টিটাচ প্রজেক্টরের এ প্রযুক্তি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার করে।
এ মাল্টিটাচ প্রোজেক্টরের সাহায্যে টাচ, জুম ও স্ক্রল করা যায়। ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে ডেপথ-সেন্সিং ক্যামেরা ও পিকো প্রোজেক্টর।মাইক্রোসফট জানিয়েছে, ডিভাইসটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তবে ভবিষ্যতের টাচ বা স্পর্শ প্রযুক্তির ডিভাইসগুলোতে মাল্টিটাচ প্রজেক্টর সুবিধা জুড়ে দেওয়া হবে।মাইক্রোসফট মাল্টিটাচ প্রোজেক্টরের পাশাপাশি ইলমুশিয়ার, হলোফ্লেটর ও স্বচ্ছ থ্রিডি ডেস্কটপ তৈরির প্রকল্প নিয়ে কাজ করছে বলে জানা গেছে।