মানব বর্জ্য থেকে শক্তি সংগ্রহ করে বিদ্যুত্ তৈরি করতে সক্ষম সম্প্রতি এমনই একটি রোবট তৈরি করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে। ব্রিস্টল রোবোটিক্স ল্যাবরেটরির গবেষকেদের উদ্ভাবিত এ রোবটটির নাম ‘ইকোবট৩’। রোবট প্রসঙ্গে গবেষকেরা জানিয়েছেন, মানব বর্জ্যে থাকা পুষ্টি উপাদানকে কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদন করতে পারবে ইকোবট৩। এ রোবট ব্যবহার করা সম্ভব হলে সুয়েজ প্ল্যান্ট ব্যবস্থার উন্নতির পাশাপাশি বিদ্যুত্ খরচ বাঁচবে এবং বড় আকারে এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হলে অর্থেরও সাশ্রয় হবে।গবেষকেদের দাবি, মানব বর্জ্য ব্যবহার করে চলতে পারে এ ধরনের প্রথম রোবট হচ্ছে ‘ইকোবট৩’।