
গণিতে কিছু সমস্যার সমাধান ঝটপট বের করে ফেলা যায়। যেমন ধরুন প্রশ্ন করলাম, ৯৫–এর বর্গ কত? ক্যালকুলেটর ব্যবহার না করেই এর বর্গ বের করুন তো? এর উত্তরের জন্য প্রথমে লক্ষ্য করব এটি দুই অঙ্কের (ডিজিট) একটি সংখ্যা, যার শেষ অঙ্কটি ৫। এ ক্ষেত্রে একটি সহজ পদ্ধতি হলো প্রথম অঙ্ক ৯-কে এর সঙ্গে ১ যোগ করে প্রাপ্ত সংখ্যা ১০ দিয়ে গুণ করে লিখে এরপর ৫-এর বর্গ ২৫ বসিয়ে দেওয়া। তাহলেই ৯৫-এর বর্গ পাব। এখানে (৯×১০) = ৯০। সুতরাং ৯৫-এর বর্গ = (৯৫×৯৫) = ৯০২৫। এটা শুধু দুই অঙ্কের সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, যেখানে শেষ অঙ্কটি ৫। এই সূত্র ব্যবহার করে বলা যায়, (৮৫×৮৫) = (৮×৯) এর পর ২৫ = ৭২২৫। (৩৫×৩৫) = ১২২৫ ইত্যাদি।
শুধু যোগ করে বর্গ বের করার একটি মজার সূত্র দেখুন।
১-এর বর্গ = (০ + ১ + ০) = ১ = (১ × ১)
২-এর বর্গ = (১ + ২ + ১) = ৪ = (২ × ২)
৩-এর বর্গ = (১ + ২ + ৩ + ২ + ১) = ৯ = (৩× ৩)
৪-এর বর্গ = (১ + ২ + ৩ + ৪ + ৩ + ২ + ১) = ১৬ = (৪×৪)
৯-এর বর্গ = (১ + ২ + ৩ + ৪ + ৫ + ৬ + ৭ + ৮ + ৯ + ৮ + ৭ + ৬ + ৫ + ৪ + ৩ + ২ + ১) = ৮১ = (৯×৯)।
এ সপ্তাহের ধাঁধা
৬০-এর সঙ্গে একটি সংখ্যা যোগ করে ৪ দিয়ে ভাগ করলে যোগ করা সংখ্যাটির চার গুণ একটি সংখ্যা পাওয়া যায়। বলুন তো কত যোগ করলে এই হিসাব মিলবে?
খুব সহজ। অনলাইনে মন্তব্য আকারে অথবা quayum@gmail.com ই-মেইলে আপনাদের উত্তর পাঠিয়ে দিন। সঠিক উত্তর দেখুন আগামী রোববার অনলাইনে।
গত সপ্তাহের ধাঁধার উত্তর
ধাঁধাটি ছিল এ রকম: ভালো কাজের জন্য এক কর্মীকে প্রথম দিন দেওয়া হলো ৫টি বই, দ্বিতীয় দিন এর দ্বিগুণ ১০টি বই, তৃতীয় দিন আগের দিনের দ্বিগুণ ২০টি বই, ... এভাবে ৭ দিন পুরস্কার দেওয়া হলো। সে মোট কতটি বই পেল?
উত্তর
মোট ৬৩৫টি বই।
কীভাবে উত্তর বের করলাম
পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, প্রতিদিন সেই কর্মী যতটি বই পাচ্ছে তা ৫-এর গুণিতক। সাত দিনে সে পাচ্ছে = (৫ + ১০ + ২০ + ৪০ + ...+ ৩২০)টি বই
= ৫ (১ + ২ + ৪ + ..... + ৬৪)
= ৫ (২০ + ২১ + ২২ + .... + ২৬)
=৫ × ১২৭
= ৬৩৫।
অন্যভাবে আমরা গুণোত্তর ধারার সূত্র ব্যবহার করে যোগফল বের করতে পারি। এখানে মূল ধারাটি হলো ৫ (১ + ২ + ৪ + ..... + ৭ম পদ)। ব্র্যাকেটের মধ্যে গুণোত্তর ধারাটির প্রথম পদ ১, সাধারণ অনুপাত ২ এবং পদ সংখ্যা ৭। সূত্র অনুযায়ী, প্রথম ৭টি পদের যোগফল = ১(২৭ - ১) ÷ (২−১) = (১২৮ - ১) ÷ (১) = ১২৭। সুতরাং মোট যোগফল = ৫ × ১২৭ = ৬৩৫।
আব্দুল কাইয়ুম, সম্পাদক, মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা