পরামর্শ

সৃজনশীল প্রশ্ন: উদ্দীপকের সাহায্য নাও 'গ' ও 'ঘ' অংশে

অংশ-৩ 

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো ইতিমধ্যে একটি ব্যাপার লক্ষ করেছ যে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে কোনো প্রশ্নের পুনরাবৃত্তি ঘটে না।

সৃজনশীল প্রশ্নের (ব্যাখ্যামূলক অংশ) তৃতীয় অংশ অর্থাৎ ‘গ’ প্রশ্নের উত্তর দিতে গেলে তোমাকে নতুন পরিস্থিতিটি (উদ্দীপক/দৃশ্যকল্প) ভালো করে বুঝে পড়তে হবে। কেননা ‘গ’ অংশের উত্তর দেওয়ার জন্য তোমাকে উদ্দীপকের সাহায্য নিতে হবে। সাধারণত পাঠ্যবইয়ের সুনির্দিষ্ট কোনো ধারণা, সূত্র, তত্ত্ব, নিয়ম, নীতি, সংজ্ঞা ইত্যাদি শিক্ষার্থী কতটুকু বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য উদ্দীপকটি তৈরি করা হয়। অর্থাৎ একজন শিক্ষার্থী পাঠ্যবইয়ের কোনো সুনির্দিষ্ট ধারণাকে উদ্দীপকের মধ্যে খুঁজে পাওয়ার চেষ্টা করবে।
যেমন উদ্দীপকে এমন একটি বাস্তব পরিস্থিতি দেখলে যেখানে একটি ছেলে/মেয়ে, বাবা-মা থেকে দূরে কোথাও অবহেলায় বা অযত্নে রয়েছে। এখন হয়তো সেই নতুন পরিস্থিতিতে ছুটি গল্পের কোনো উপমাটি প্রতিফলিত হয়েছে তা তোমার কাছে জানতে চাইতে পারে। এখন তুমি যদি ‘ছুটি’ গল্পের ‘প্রভুহীন পথের কুকুর’ উপমাটি পড়ে থাক এবং বুঝে থাক তাহলে দেখবে সেই উপমার ধারণাটি উদ্দীপকে প্রতিফলিত হয়েছে। উত্তর দেওয়ার ক্ষেত্রে তুমি তখন সেই প্রভুহীন পথের কুকুর উপমাটি তুলে ধরবে, ফটিকের ক্ষেত্রে কীভাবে সেই উপমাটি প্রযোজ্য হয়েছে এবং নতুন পরিস্থিতিতে কেন উপমাটি প্রযোজ্য হবে তা ফটিকের অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করতে হবে। তোমার অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও দেখবে ‘গ’ অংশে তোমার কাছে তোমার পাঠ্যবইয়ের কোনো সুনির্দিষ্ট কোনো ধারণা, সূত্র, সংজ্ঞা, নিয়ম-নীতি, তত্ত্ব ইত্যাদি জানতে চাওয়া হয়েছে। পাঠ্যবইয়ের নির্বাচন পদ্ধতি/ জাতীয় বাজেটের প্রকৃতি/ মুঘল আমলের সামাজিক অবস্থা/ কোনো পাতের তাপ পরিবাহকত্ব নির্ণয়/ অক্সিন নামক বৃদ্ধিকারক রাসায়নিক পদার্থ ইত্যাদি ধারণাসমূহের প্রয়োগ করতে চাইলে উপরিউক্ত সুনির্দিষ্ট ধারণাসমূহের আলোকে উদ্দীপটি তৈরি করা হবে। উদ্দীপকটি হবে সম্পূর্ণ নতুন এবং বাস্তবজীবনের সঙ্গে সম্পর্কিত। শিক্ষার্থী এই অপরিচিত নতুন পরিস্থিতির মধ্যে উপরিউক্ত সুনির্দিষ্ট ধারণাকে খুঁজে বের করবে। সেই ধারণাটি পাঠ্যবইয়ের তথ্যের আলোকে ব্যাখ্যা করবে এবং নতুন পরিস্থিতিতে (উদ্দীপকের মধ্যে) সেই সুনির্দিষ্ট ধারণাটি কীভাবে প্রতিফলিত হয়েছে তা লিখবে।
‘গ’ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীকে তার নিজস্ব শব্দচয়ন ও বাক্যগঠন ব্যবহার করতে হবে। পূর্ব থেকে প্রস্তুতকৃত কোনো নোট মুখস্থ করে এই ‘গ’ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। শিক্ষার্থী তার নিজস্ব প্রজ্ঞা ও মেধা ব্যবহার করে এই প্রশ্নের উত্তর দেবে। এই ‘গ’ প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ ৩ এবং উত্তর সর্বোচ্চ ১২ বাক্যে হওয়া বাঞ্ছনীয়। এর মানে এই নয় যে তোমাকে ১২ বাক্যেই উত্তর সমাপ্ত করতে হবে। তোমার প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী বাক্য সংখ্যা কিছু কম বা বেশি হবে। কোনো কোনো বিষয় যেমন রসায়ন, পদার্থ, কৃষি, গার্হস্থ্য অর্থনীতি ইত্যাদি বিষয়গুলোতে ‘গ’ অংশে বিভিন্ন সূত্র প্রয়োগের মাধ্যমে ফলাফল সংখ্যায় নির্ধারণ করতে হতে পারে। তখন কিন্তু তোমাকে কোনো পূর্ণাঙ্গ বাক্যই ব্যবহার নাও করতে হতে পারে।
‘ঘ’ প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রেও তোমাকে উদ্দীপক আশ্রয়ী হতে হবে। অর্থাৎ উদ্দীপকটির মধ্য দিয়ে তুমি পাঠ্যবইয়ের মূল বিষয়বস্তুতে প্রবেশ করবে এবং পাঠ্যবইয়ের একাধিক তথ্য ব্যবহার করে নিজস্ব বিচার বিশ্লেণের মাধ্যমে তোমাকে এই ‘ঘ’ প্রশ্নের উত্তর দিতে হবে। ধরা যাক উদ্দীপকে এমন একটি বাস্তব ঘটনা দেখলে যেখানে ইঙ্গিত রয়েছে একটি ছেলে/মেয়ে পিতা-মাতার থেকে দূরে শহরে যান্ত্রিক ও অনুভূতিশূন্য জীবনে অনাদরে অবহেলায় মানুষ হচ্ছে।
এখন ‘ঘ’ অংশের প্রশ্নের উত্তরে যদি তোমার কাছে জানতে চাওয়া হয় যে উদ্দীপকের জীবন ব্যবস্থা ফটিকের কাম্য ছিল কি না তখন তোমাকে উদ্দীপকে ছেলে/মেয়ের জীবন ব্যবস্থাটি আগে বুঝতে হবে (উদ্দীপকের জীবন ব্যবস্থায় শহরের যান্ত্রিক ও অনুভূতিশূন্য জীবন ব্যবস্থার প্রতিফলন থাকবে)। ফটিকের কোলকাতায় অবস্থানের মানসিক অবস্থা এবং গ্রামে বসবাসের মানসিক অবস্থার আলোকে তোমাকে উত্তরের দিকে ধাবিত হতে হবে অর্থাৎ শহরকেন্দ্রিক (যা শিক্ষার্থী উদ্দীপক থেকে বুঝে নেবে) ও গ্রাম কেন্দ্রিক জীবন ব্যবস্থার তুলনামূলক আলোচনা করতে হবে এবং ফটিক কোন জীবন ব্যবস্থায় স্বচ্ছন্দ/আনন্দিত ছিল তা তুমি যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে।

রসায়ন বিষয়ের বিক্রিয়াটি লক্ষ কর-
a. Cu + HCl (লঘু)= wewµqv nq bv, কিন্তু
b. 3Cu + 8HNO3 (jNy) = 3Cu(NO3)2 + 4H2O + 2NO

সৃজনশীল অংশে বিক্রিয়া দুটির পার্থক্যের কারণ জানতে চাইলে চারটি বিকল্প উত্তর থেকে একটি বেছে নেওয়ার যে ব্যাখ্যাটি বহু নির্বাচনী প্রশ্নের আলোচনা করার সময় দেওয়া হয়েছে সেই ব্যাখ্যাটিই তোমাকে নিজের ভাষায় গুছিয়ে লিখতে হবে। অর্থাৎ সৃজনশীল প্রশ্নের ‘ঘ’ অংশের উত্তর দিতে গেলে তোমাকে তোমার পাঠ্যবইয়ের একাধিক তথ্যের আলোকে উদ্দীপকের তথ্যকে বিচার-বিশ্লেষণ করতে হবে।
অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও এ রকম নতুন পরিস্থিতির আলোকে তোমাকে পাঠ্যবইয়ের একাধিক তথ্য বিচার-বিশ্লেষণ করে প্রশ্নের উত্তর দিতে হবে।
এই ‘ঘ’ প্রশ্নের নম্বর ৪ এবং উত্তর সর্বোচ্চ ১৫ বাক্যে সমাপ্ত হওয়া বাঞ্ছনীয়। তবে তোমার প্রশ্নের উত্তরের চাহিদা অনুযায়ী বাক্যের সংখ্যা কিছু কম বা বেশি হতে পারে।
এখানে উল্লেখ্য যে এই পদ্ধতিতে খুব বেশি লেখার সুযোগ নেই। কেননা একজন শিক্ষার্থীকে উদ্দীপক পড়ে এবং বুঝে উত্তর দিতে হবে। তাই যে সময়টুকু একজন শিক্ষার্থী লেখার জন্য পাবে সেই সময়ে তার পক্ষে যতটুকু লেখা সম্ভব ততটুকু উত্তর প্রত্যাশিত। এ ক্ষেত্রে বিজ্ঞ উত্তরপত্র মূল্যায়নকারীদের তাঁদের বিবেচনা বোধের প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। দক্ষতা স্তরের (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) ওপর ভিত্তি করে শিক্ষার্থীকে নম্বর প্রদান করতে হবে। পরীক্ষার্থী প্রত্যাশিত দক্ষতা স্তর অনুযায়ী লিখতে পারলে ওই দক্ষতা স্তরের জন্য বরাদ্দকৃত পূর্ণ নম্বর পাবে। (শেষ)

বিশেষজ্ঞ (পরীক্ষা ও মূল্যায়ন)
বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট, এসইএসডিপি
সমন্বয়ক, সৃজনশীল প্রশ্নপদ্ধতিবিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ কর্মসূচি