
মোবাইল ফোনে টাচ প্রযুক্তি থাকলেই অনেক কিছু আছে-এমন ভাবার দিন শেষ হয়েছে। এখনকার স্মার্টফোন প্রজন্ম ঝকঝকে ছবি, রং, কনট্রাস্ট রেশিও, ভিউয়িং অ্যাংগেল প্রভৃতির কথা মাথায় রেখে বড় ও উন্নত ডিসপ্লের দিকে ঝুঁকেছে। ডিসপ্লে কিট নির্মাতা হিসেবে পরিচিত ডিসপ্লে মেট টেকনোলজিস সম্প্রতি স্মার্টফোনের ডিসপ্লে নিয়ে একটি পরীক্ষা চালিয়েছে। প্রতিষ্ঠানটি স্যামসাংয়ের গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির ডিসপ্লে পরীক্ষা করে একে সেরা পারফর্মিং স্মার্টফোন ডিসপ্লে হিসেবে স্বীকৃতি দিয়েছে। এক খবরে জানিয়েছে এনডিটিভি।
গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটির বিশেষ ফিচার হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। ৫.১ ইঞ্চি মাপের এই ডিসপ্লেতে রয়েছে ১০৮০ বাই ১৯২০ পিক্সেল ফুল এইচডি রেজুলেশন। ডিসপ্লে মেট দাবি করেছে, গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটিতে ব্যবহূত অ্যামোলেড ডিসপ্লে আউটডোর লাইটিংয়ে অন্যান্য স্মার্টফোনের তুলনায় ভালো কাজ করে।
গ্যালাক্সি এস ফোর স্মার্টফোনের তুলনায় এস ৫ স্মার্টফোনটির ডিসপ্লের উজ্জ্বলতা ২২ শতাংশ বেশি। এ ছাড়াও এইচডি এলসিডি ডিসপ্লের স্মার্টফোনের তুলনায় এস৫ স্মার্টফোনটি ২৭ শতাংশ শক্তি সাশ্রয়ে সক্ষম বলেই ডিসপ্লেমেট দাবি করেছে।
প্রসঙ্গত, চলতি মাসের ১১ তারিখ থেকে বাংলাদেশের বাজারে গ্যালাক্সি এস৫ স্মার্টফোনটি বিক্রি শুরু হবে বলে জানিয়েছে স্যামসাং বাংলাদেশ কর্তৃপক্ষ। এই দিন বিশ্বের অন্যান্য দেশেও একসঙ্গে এই স্মার্টফোনটি বিক্রি শুরু হচ্ছে। ৬০ হাজার ও ৭০ হাজার টাকা দুইটি প্যাকেজে এই স্মার্টফোনটি বিক্রির জন্য ১০ এপ্রিল পর্যন্ত প্রিবুক চালু রাখছে স্যামসাং কর্তৃপক্ষ।