
তৃণমূল পর্যায়ে সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরতে ১০ হাজার ইনফো লিডার তৈরি করবে সরকার। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১০ হাজার উদ্যোক্তাকে ইনফো লিডার হিসেবে গড়ে তোলা হবে। প্রতিবেদন ও ফিচার লিখন, আউটসোর্সিং ও ই-কমার্স বিষয়ে সক্ষমতা বাড়াতে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিতে একটি প্রকল্প গ্রহণ করেছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ। প্রকল্পের নাম ‘তৃণমূলের তথ্যজানালা’।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে ইউডিসি উদ্যোক্তাদের প্রশিক্ষণের জন্য আজ বৃহস্পতিবার মাস্টার ট্রেইনার তৈরির প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম পরিচালক কবির বিন আনোয়ার, টিএসবির নির্বাহী সম্পাদক অলিউর রহমান প্রমুখ।
জুনাইদ আহমেদ বলেন, ৪ হাজার ৫৫০টি ইউনিয়ন পরিষদের প্রত্যেকটিতে রয়েছে ডায়নামিক ওয়েবসাইট। এই ওয়েবসাইটগুলো সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রতিটির ক্ষেত্রে তৃণমূলের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। এখানকার উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় উন্নয়নসহ, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি উন্নয়ন, সাফল্যের কাহিনি, পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনাসহ মানুষের জীবন ও জীবিকা নিয়ে ফিচার ও প্রতিবেদন লেখায় দক্ষ করে তোলা হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, তৃণমূলের তথ্যজানালা ওয়েবসাইটে থাকবে একটি ইউজার জেনারেটেড কনটেন্ট (ইউজিসি) সাইট। এতে ইউডিসির উদ্যোক্তাদের পাঠানো বিভিন্ন সংবাদ, তথ্য ও ছবি এসে জমা হবে। এগুলোর মধ্যে থেকে উন্নয়নমূলক প্রতিবেদন, ফিচার ও ছবি বাছাই করে তৃণমূলের তথ্যজানালা সম্পাদনা ডেস্কের তত্ত্বাবধানে বিভিন্ন মাধ্যমের জন্য ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে। এ ছাড়া ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট, সামাজিক যোগাযোগের মাধ্যমসহ গণমাধ্যমে তা তুলে ধরা হবে।
ইউডিসি উদ্যোক্তাদের আয় বাড়ানোর লক্ষ্যে আউটসোর্সিংয়ের বিষয় হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট রাইটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া ই-কমার্সের প্রায়োগিক ও ব্যবহারিক দিকের ওপর প্রশিক্ষণ পাবে তাঁরা।
তিন বছর মেয়াদি এই কর্মসূচি বাস্তবায়নে পরামর্শ সহযোগিতা দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে তথ্যসেবা বার্তা সংস্থা (টিএসবি)।