ভূমিকম্পের সময় সতর্কবার্তা পাঠিয়ে থাকে গুগল
ভূমিকম্পের সময় সতর্কবার্তা পাঠিয়ে থাকে গুগল

গুগলের ভূমিকম্পের সতর্কবার্তা কি সত্যিই কার্যকর

ভূমিকম্পের সময় স্থানীয় অ্যানড্রয়েড ব্যবহারকারীদের সতর্ক করতে ২০২০ সালে আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম চালু করে গুগল। যুক্তরাষ্ট্রে প্রথম এ সুবিধা চালু হলেও বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে এ সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম মূলত ভূপৃষ্ঠের কম্পন পর্যালোচনা করে ভূমিকম্পের সতর্কবার্তা পাঠায়। ভূমিকম্পের উৎস এবং মাত্রা সম্পর্কে জানানোর পাশাপাশি নিরাপদ থাকার পরামর্শও দিয়ে থাকে। তবে গুগলের এ সুবিধার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।

গত ফেব্রুয়ারিতে তুরস্কে ৭ দশমিক ৮ এবং ৭ দশমিক ৯ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৫০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। সে সময় গুগলের ভূমিকম্প অ্যালার্ট সিস্টেম সঠিকভাবে সতর্কবার্তা পাঠায়নি বলে অভিযোগ উঠেছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শহরগুলোর বাসিন্দারা জানিয়েছেন, অ্যানড্রয়েড ফোনে গুগলের ভূমিকম্প অ্যালার্ট সিস্টেম চালু থাকার পরও তারা প্রথম ধাপের ভূমিকম্পের কোনো সতর্কবার্তা পাননি। তবে দ্বিতীয় ধাপের ভূমিকম্পের সময় বেশ কয়েকজন ব্যক্তি সতর্কবার্তা পেয়েছেন।

ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার জন্য এখনো কোনো নির্ভরযোগ্য প্রযুক্তি আবিষ্কার না হলেও গুগলের দাবি, ভূমিকম্প আঘাত হানার কয়েক সেকেন্ড আগে সতর্কবার্তা দিতে পারে ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমটি। এতে করে মানুষ প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন।

ভূমিকম্পের তথ্য সংগ্রহের জন্য গুগল মূলত ব্যবহারকারীদের অ্যানড্রয়েড স্মার্টফোনে থাকা অ্যাক্সিলারোমিটার সেন্সর সুবিধা ব্যবহার করে থাকে। কারণ, অ্যাক্সিলারোমিটার ভূমিকম্প উৎপন্ন হওয়ায় প্রাথমিক ‘পি’ তরঙ্গ বা ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত করতে পারে। আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেম চালু থাকলে ভূপৃষ্ঠের কম্পন শনাক্ত হলেই গুগলের সার্ভারে তথ্য পাঠাতে থাকে স্মার্টফোন। তথ্যগুলো পর্যালোচনা করে স্থানীয় বাসিন্দাদের ভূমিকম্পের সতর্কবার্তা পাঠিয়ে থাকে গুগল।

আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের বিরুদ্ধে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের অভিযোগের বিষয়ে এক বিবৃতিতে গুগল জানিয়েছে, তুরস্কের লাখো মানুষ ফেব্রুয়ারিতে ভূমিকম্পের সময় সতর্কবার্তা পেয়েছেন। ইন্টারনেট সংযোগসহ বিভিন্ন কারণে ভূমিকম্পের সময় সতর্কবার্তা পাওয়া প্রভাবিত হতে পারে।
সূত্র: বিবিসি