হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেখা যাবে বিজ্ঞাপন ও প্রমোটেড চ্যানেল

‘স্ট্যাটাস বিজ্ঞাপন’ ও ‘প্রমোটেড চ্যানেল’ নামে দুটি নতুন সুবিধা যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। সুবিধাগুলো কাজে লাগিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা নিজেদের স্ট্যাটাসে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবেন। শুধু তা–ই নয়, চাইলে বিভিন্ন ব্র্যান্ড বা প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ চ্যানেলের প্রচারণাও চালানো যাবে। নতুন ব্যবসা, ব্র্যান্ড ও চ্যানেল খুঁজে পাওয়া সহজ করার পাশাপাশি ব্যবহারকারীদের আয়ের সুযোগ করে দিতে সুবিধাগুলো চালু করা হয়েছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, নিয়মিত স্ট্যাটাসের পাশাপাশি স্পষ্টভাবে চিহ্নিত লেবেলসহ এসব বিজ্ঞাপন ও প্রমোটেড চ্যানেল দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে সোয়াইপ করে বিজ্ঞাপন এড়িয়ে যেতে পারবেন। খুদে ব্লগ লেখার সাইট এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে হোয়াটসঅ্যাপ। তবে নতুন বিজ্ঞাপনব্যবস্থা ‘আপডেটস’ ট্যাবেই সীমিত থাকবে। এই ট্যাবে স্ট্যাটাস ও চ্যানেল—এই দুই ধরনের কনটেন্ট একসঙ্গে দেখা যাবে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীরা যেখানে বিভিন্ন আপডেট দেখেন, সেখানেই বিজ্ঞাপন ও প্রমোটেড চ্যানেল দেখানো হবে। এর ফলে আগ্রহী ব্যবহারকারীরা সরাসরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ব্যক্তিগত চ্যাট, কল ও ব্যক্তিগত স্ট্যাটাস আগের মতোই এন্ড টু এন্ড এনক্রিপশন সুরক্ষায় থাকবে। অর্থাৎ ব্যক্তিগত যোগাযোগের গোপনীয়তা অক্ষুণ্ন থাকবে। এমনকি ব্যবহারকারীরা চাইলে নির্দিষ্ট প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের বিজ্ঞাপন ব্লক করতে পারবেন। পর্যায়ক্রমে বিভিন্ন দেশে এসব সুবিধা ব্যবহার করা যাবে।

ইউরোপের কিছু অঞ্চলসহ নির্দিষ্ট কয়েকটি দেশে স্ট্যাটাস ও চ্যানেলের জন্য বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশনের সুবিধাও চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। সাবস্ক্রিপশনের সুবিধায় ‘আপডেটস’ ট্যাব থেকে প্রদর্শিত বিজ্ঞাপন মুছে ফেলা যাবে। তবে এ সুবিধা ব্যবহারের জন্য প্রতি মাসে কত টাকা খরচ হবে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি হোয়াটসঅ্যাপ।

সূত্র: ইন্ডিয়া টুডে