নিউরালিঙ্ক
নিউরালিঙ্ক

বাক্‌শক্তিহীনদের মস্তিষ্কে চিপ বসাতে চায় ইলন মাস্কের নিউরালিঙ্ক, কেন

বাক্‌শক্তিহীন ব্যক্তিদের মনের ভাবনা অন্যকে জানানোর সুযোগ দিতে নতুন উদ্যোগ নিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন ব্রেন ইমপ্ল্যান্ট প্রতিষ্ঠান নিউরালিঙ্ক। নতুন এ উদ্যোগের আওতায় বাক্‌শক্তিহীনদের মস্তিষ্কে নিজেদের তৈরি ব্রেন চিপ বসাবে প্রতিষ্ঠানটি। চিপটি মস্তিষ্ক থেকে সরাসরি ভাবনা সংগ্রহ করে সেটিকে লেখায় রূপান্তর করবে। আগামী অক্টোবর মাস থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে।

দক্ষিণ কোরিয়ার সিউলে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আয়োজিত এক অনুষ্ঠানে নিউরালিঙ্কের প্রেসিডেন্ট দংজিন ডি জে সিও এ বিষয়ে বলেন, ‘যাঁরা কথা বলতে পারেন না, তাঁদের জন্য আমাদের লক্ষ্য হলো মস্তিষ্ক থেকে সরাসরি কণ্ঠস্বর বের করা। এমনকি কোনো কি–বোর্ড ব্যবহার ছাড়াই। কেউ যদি মনে মনে কোনো কথা বলার কল্পনা করেন, আমরা সেটি শনাক্ত করে তুলে আনতে পারব।’

যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ইতিমধ্যে নিউরালিঙ্কের ব্রেন চিপকে ‘ব্রেকথ্রু ডিভাইস’ বা যুগান্তকারী প্রযুক্তির স্বীকৃতি দিয়েছে। ২০২২ সালে নিরাপত্তাজনিত কারণে এফডিএর অনুমোদন না পেলেও পরবর্তী সময়ে সেই ত্রুটি সংশোধন করে ২০২৪ সালে মানবদেহে প্রথমবারের মতো ইমপ্ল্যান্ট বসানোর পরীক্ষা চালায় নিউরালিঙ্ক। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বের ১২ জন মানুষের শরীরে এই চিপ প্রতিস্থাপন করা হয়েছে এবং তাঁরা মিলে ১৫ হাজার ঘণ্টার বেশি সময় ধরে প্রযুক্তিটি ব্যবহার করেছেন।

প্রসঙ্গত, মাথায় নিউরালিঙ্কের চিপ বসানো প্রথম ব্যক্তি এরই মধ্যে মনে মনে ভেবেই ভিডিও গেম খেলার পাশাপাশি ইন্টারনেট ব্রাউজ, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করাসহ ল্যাপটপে কারসার নিয়ন্ত্রণ করতে পারছেন। ব্রেন চিপটি মূলত মেরুদণ্ডে আঘাত পাওয়া বা গুরুতর শারীরিক অক্ষমতায় ভোগা মানুষদের সহায়তার জন্যই এই প্রযুক্তি তৈরি করা হয়েছে। শুধু নিউরালিঙ্ক নয়, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান সিঙ্ক্রন ইনকরপোরেটেডও একই ধরনের ইমপ্ল্যান্ট প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে। তাদের লক্ষ্য হলো মোটর-সংক্রান্ত অক্ষমতায় ভোগা মানুষদের কম্পিউটারে টাইপ করার সুযোগ করে দেওয়া।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস