
শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা বাড়াতে তৃতীয়বারের মতো বাংলাদেশ এআই অলিম্পিয়াড (বিডিএআইও) প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। আগামী ১৬ মে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড (বিডিএআইও)’ শীর্ষক এ প্রতিযোগিতার জাতীয় পর্ব আয়োজন করা হবে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডিওএসএন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তৃতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ এআই অলিম্পিয়াডের জাতীয় পর্বের আগে ২ থেকে ১০ মে পর্যন্ত ঢাকা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে আঞ্চলিক পর্ব আয়োজন করা হবে। যেসব জেলার কাছাকাছি কোনো আঞ্চলিক ভেন্যু নেই, সেসব জেলার শিক্ষার্থীদের জন্য ১০ মে অনলাইনে ‘ই-অলিম্পিয়াড’ আয়োজন করা হবে। আঞ্চলিক পর্বে বিজয়ীদের নিয়ে ঢাকায় হবে প্রতিযোগিতার জাতীয় পর্ব।
তৃতীয় বিডিএআইও প্রতিযোগিতা দুটি বিভাগে আয়োজন করা হবে। ‘এআই চ্যালেঞ্জ’ বিভাগে ষষ্ঠ থেকে এইচএসসি সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতাটি বিশ্বের অন্যতম জনপ্রিয় ডেটা সায়েন্স প্ল্যাটফর্ম ক্যাগলে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ‘এআই কুইজ’ বিভাগে ষষ্ঠ থেকে এসএসসি সমমানের শিক্ষার্থীদের এআই বিষয়ে সাধারণ জ্ঞান এবং গাণিতিক ও যুক্তিভিত্তিক দক্ষতা যাচাই করা হবে। আগ্রহী শিক্ষার্থীরা ২৮ এপ্রিল রাত ১০টা পর্যন্ত এই লিংকে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবে। এর পাশাপাশি বাংলাদেশ এআই অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে।
বাংলাদেশ এআই অলিম্পিয়াড আয়োজন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, ‘প্রযুক্তিনির্ভর যে ভবিষ্যৎ পৃথিবীর কথা বলা হচ্ছে, সেখানে গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্যা সমাধান ও বাস্তব দক্ষতা বৃদ্ধির জন্য এআই অলিম্পিয়াড হতে পারে কার্যকর এক মাধ্যম।’ মাইক্রোসফটের এআই লিড সাদিদ হাসান বলেন, এআই শেখা মানে শুধু কোডিং নয়, এটি ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করা। বাংলাদেশ এআই অলিম্পিয়াডের মাধ্যমে এআইয়ের মৌলিক বিষয়গুলো শেখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া যাবে।
এবারের আসরের প্লাটিনাম স্পনসর ও জাতীয় পর্বের হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনলজি। পাওয়ার্ড বাই হিসেবে রিভ চ্যাট। এ ছাড়া গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ব্রেন স্টেশন ২৩, সিলভার স্পনসর মিলিয়ন এক্স বাংলাদেশ ও ক্রিয়েটিভ আইটি, ব্রোঞ্জ স্পনসর বিটনা এবং নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট।