প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শিক্ষা ক্ষেত্রে এআই–বিপ্লব: আমাদের শেখার পদ্ধতি কি বদলে যাচ্ছে

ভাবুন তো, ঘড়িতে রাত বাজে দুইটা। আগামীকাল আপনার একটা ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষা, আর ঠিক এ সময়েই আপনি অঙ্কের একটা জটিল সমীকরণে আটকে গেছেন! আগে হলে কী করতেন? হয়তো হতাশ হয়ে বই বন্ধ করে ঘুমিয়ে পড়তেন, নয়তো সকাল পর্যন্ত অপেক্ষা করতেন কখন শিক্ষকের বা কোনো বন্ধুর সাহায্য পাওয়া যাবে। কিন্তু এখন আর সেই দিন নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এখন আপনার জন্য রাতের প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে।

একসময় যে প্রযুক্তিকে আমরা কেবল সায়েন্স ফিকশন সিনেমা বা ভবিষ্যতের কল্পকাহিনি বলে ভাবতাম, তা এখন সরাসরি আমাদের শ্রেণিকক্ষে ও পড়ার টেবিলে হাজির হয়েছে। জটিল গণিত, ডিপ নিউরাল নেটওয়ার্ক ও মেশিন লার্নিংয়ের মতো খটমটে প্রযুক্তির ওপর ভর করে তৈরি হওয়া এই এআই আজ আমাদের শেখার পদ্ধতি, শিক্ষকদের পড়ানোর ধরন ও জ্ঞানার্জনের পুরো অভিজ্ঞতাই বদলে দিচ্ছে।
চলুন দেখে নিই, শিক্ষা ক্ষেত্রে এই জাদুকরি এআই প্রযুক্তি আসলে কী কী পরিবর্তন আনছে।

সবার জন্য আলাদা পড়ার রুটিন

কল্পনা করুন একটি ক্লাসে ৪০ শিক্ষার্থী বসে আছে। প্রথাগত নিয়মে সবাইকে একই গতিতে ও একইভাবে পড়ানো হয়। কিন্তু বাস্তব হলো, সবার শেখার গতি এক নয়, কেউ একবার শুনেই বুঝে যায়, আবার কারও একটু সময় লাগে। এআই ঠিক এ জায়গাতেই সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে। এআই সিস্টেম প্রত্যেক শিক্ষার্থীর শেখার ধরন ও গতি বিশ্লেষণ করে একদম তার জন্য মানানসই কনটেন্ট বা পাঠ্যক্রম তৈরি করে দিতে পারে। যেমন ধরুন, যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) মতো বিশ্বমানের প্রতিষ্ঠানগুলো ‘ইউনিভার্সাল এআই’ নামের প্রোগ্রাম চালু করেছে, যা এই প্রযুক্তির মাধ্যমে শিক্ষাকে সবার জন্য আরও সহজ ও বোধগম্য করে তুলছে।

গ্রাম ও শহরের দূরত্ব ঘুচিয়ে দেওয়া ঢাকার একটি নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে সুনামগঞ্জের হাওর অঞ্চলের কোনো এক প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীর শিক্ষার সুযোগের আকাশ–পাতাল পার্থক্য থাকাটাই স্বাভাবিক। কিন্তু এআই এই ভৌগোলিক ও আর্থসামাজিক বাধাগুলো ভেঙে দিচ্ছে। এআই–চালিত অনুবাদ টুল ও স্মার্ট অনলাইন প্ল্যাটফর্মের কল্যাণে প্রত্যন্ত অঞ্চলের একজন শিক্ষার্থীও এখন বড় শহরের শিক্ষার্থীর মতো বিশ্বমানের শিক্ষা নিজের নাগালে পাচ্ছে।

শেখার তো আসলে কোনো নির্দিষ্ট সময় নেই। এআই–চালিত চ্যাটবট ও ইন্টেলিজেন্ট টিউটরিং সিস্টেমগুলো শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টাই প্রস্তুত থাকে। ওই যে শুরুতে বলেছিলাম মাঝরাতে অঙ্কে আটকে যাওয়ার কথা! এআই টিউটর কিন্তু একটুও বিরক্ত না হয়ে আপনাকে তাৎক্ষণিকভাবে সমাধান দেবে, অক্লান্তভাবে বারবার বুঝিয়ে দেবে, একদম আপনার নিজের গতিতে।

অনেকে ভাবেন, এআই হয়তো শিক্ষকদের চাকরি কেড়ে নেবে! আসলে ব্যাপারটি একেবারেই উল্টো—এআই শিক্ষকদের কাজের বিশাল বোঝা কমিয়ে দিচ্ছে। সাধারণত একজন শিক্ষকের দিনের অনেকটা সময় চলে যায় খাতা দেখা, ক্লাসের রুটিন বানানো, উপস্থিতি গোনা আর লেসন প্ল্যান তৈরির মতো একঘেয়ে প্রশাসনিক কাজে। এআই এই রুটিনমাফিক কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে করে ফেলে। ফলে শিক্ষকেরা ওই বেঁচে যাওয়া সময়টা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, সৃজনশীলতা বাড়ানো ও ব্যক্তিগত দিকনির্দেশনা দেওয়ার পেছনে ব্যয় করতে পারেন।

শিক্ষা ক্ষেত্রে এআইয়ের চ্যালেঞ্জ ও ঝুঁকি

শিক্ষা ক্ষেত্রে এআইয়ের চ্যালেঞ্জ ও ঝুঁকি দুটিই রয়েছে। আর তাই এআইয়ের জাদুকরি সুবিধা দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি আমাদের নিম্নোক্ত বাস্তব চ্যালেঞ্জের কথাও মাথায় রাখতে হবে।

  • অ্যালগরিদমিক পক্ষপাত: এআই কিন্তু মানুষের তৈরি করা ডেটা বা তথ্য–উপাত্ত থেকেই শেখে। আমাদের সমাজে যদি কোনো লিঙ্গ, জাতি বা আর্থসামাজিক বৈষম্য ও ভুল ধারণা থাকে, তবে এআইয়ের মধ্যেও সেই পক্ষপাতিত্ব চলে আসতে পারে। পক্ষপাতদুষ্ট এআই শিক্ষার্থীদের মূল্যায়নে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, তাই এআই ব্যবহারে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করা জরুরি।

  • একজন শিক্ষক শুধু পড়ানই না, তিনি একজন শিক্ষার্থীর কাঁধে হাত রেখে তাকে অনুপ্রেরণা দেন, সহানুভূতি দেখান ও সাহস দেন। এআই আপনাকে নিখুঁত তথ্য দিতে পারবে ঠিকই, কিন্তু মানুষের সেই উষ্ণতা বা মানসিক সমর্থন জোগাতে পারবে না। প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা শিক্ষার্থীদের একাকী করে দিতে পারে এবং সামাজিক দক্ষতাও কমিয়ে দিতে পারে।

  • তথ্য চুরির আশঙ্কা: শিক্ষা ক্ষেত্রে এআই ব্যবহারের জন্য শিক্ষার্থীদের শেখার অভ্যাস, ফলাফল ও আচরণ, অভ্যাসবিষয়ক বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করতে হয়। এসব সংবেদনশীল তথ্য যদি সঠিকভাবে নিরাপদে রাখা না যায়, তবে তা গোপনীয়তার জন্য ভবিষ্যতে বিশাল এক ঝুঁকি তৈরি করতে পারে।

  • নতুন ডিজিটাল বৈষম্য: এআই শিক্ষাকে সবার কাছে পৌঁছাতে সাহায্য করছে ঠিকই, কিন্তু আবার নতুন করে বৈষম্যও তৈরি করতে পারে। বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সহজেই দামি এআই টুল ব্যবহার করবে। অন্যদিকে সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অর্থের অভাবে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে।

রেমিজিউস রেমী: গুগল এআই এডুকেটর, টেক ব্লগার, কনটেন্ট ক্রিয়েটর ও কপি রাইটার