চ্যাটজিপিটিতে চ্যাট মুছে ফেলার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি
চ্যাটজিপিটিতে চ্যাট মুছে ফেলার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি

চ্যাটজিপিটিতে মুছে ফেলা কথোপকথনের তথ্য কি ফেরত আনা যায়

চ্যাটজিপিটিতে প্রতিদিন নানা ধরনের কথোপকথন করেন ব্যবহারকারীরা। এসব কথোপকথনের মধ্যে কোনোটি হয়তো পরে আর প্রয়োজন হয় না, আবার কোনোটি গুরুত্বপূর্ণ হওয়ায় ভবিষ্যতে কাজে লাগতে পারে। আর তাই অপ্রয়োজনীয় চ্যাট মুছে ফেলার পাশাপাশি গুরুত্বপূর্ণ চ্যাটগুলো ভবিষ্যতে ব্যবহারের জন্য আর্কাইভ করে রাখার সুবিধা দিয়ে থাকে চ্যাটজিপিটি। তবে চ্যাট মুছে ফেলার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কারণ, চ্যাটজিপিটিতে একবার কোনো চ্যাট মুছে ফেললে সেটি পরে আর ফিরিয়ে আনা যায় না।

ওপেনএআইয়ের তথ্য অনুযায়ী, মুছে ফেলা চ্যাট ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলা হয়। শুধু তা–ই নয়, ৩০ দিনের মধ্যে চ্যাটগুলো সিস্টেম থেকেও স্থায়ীভাবে মুছে ফেলা হয়। ফলে কোনো চ্যাট মুছে ফেলার পর সেটি চ্যাটজিপিটির ইন্টারফেস বা ওপেনএআই সাপোর্টের মাধ্যমে পুনরুদ্ধার করা যায় না। ডিলিট অল চ্যাটস ব্যবহার করে মুছে ফেলা কথোপকথনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তাই গুরুত্বপূর্ণ কোনো কথোপকথন ভবিষ্যতে প্রয়োজন হতে পারে মনে হলে সেটি মুছে ফেলার পরিবর্তে আর্কাইভ করে রাখতে হবে।

আর্কাইভ করার উপায়

কোনো চ্যাট মুছে না ফেলে মূল চ্যাট তালিকা থেকে সরিয়ে রাখতে চাইলে সেটি আর্কাইভ করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট চ্যাটের পাশে থাকা তিনটি ডট অপশনে ক্লিক করে আর্কাইভ নির্বাচন করতে হবে। আর্কাইভ করা চ্যাট অ্যাকাউন্টেই দীর্ঘ সময় সংরক্ষণ করা হয়। অর্থাৎ, আর্কাইভ করলে চ্যাটটি শুধু নিয়মিত তালিকা থেকে সরানো হয়, যা মূল চ্যাট তালিকায় আবার ফেরত আনা সম্ভব।

সংযুক্ত অ্যাপের তথ্য কী হয়

চ্যাটজিপিটির কোনো কথোপকথনে গুগল ড্রাইভ, জিমেইল বা ক্যালেন্ডারের মতো সংযুক্ত অ্যাপের তথ্য ব্যবহার করার পর সেই কথোপকথন মুছে ফেললে সংশ্লিষ্ট অ্যাপের তথ্যও চ্যাটজিপিটির অ্যাকাউন্ট থেকে মুছে যায়। তবে চ্যাটজিপিটি থেকে কোনো অ্যাপের সংযোগ বিচ্ছিন্ন করলে ওই অ্যাপের মূল তথ্য মুছে যায় না। ফলে সেই অ্যাপের তথ্য ব্যবহার করে তৈরি করা কথোপকথন দেখা যায়।

আর্কাইভড থেকে নির্দিষ্ট চ্যাট ফিরিয়ে আনার উপায়

চ্যাটজিপিটিতে সেটিংস থেকে ডেটা কন্ট্রোলসে গিয়ে আর্কাইভড চ্যাটস বা ভিউ আর্কাইভড চ্যাটস অপশনে গিয়ে আর্কাইভ করা চ্যাটগুলো দেখা যায়। ফলে প্রয়োজনীয় চ্যাটগুলো আনআর্কাইভ করে আবার মূল চ্যাট তালিকায় ফিরিয়ে আনা সম্ভব। প্রায়োজনীয় চ্যাট খুঁজে পাওয়া না গেলে চ্যাটজিপিটি রিফ্রেশ করা বা অ্যাকাউন্ট থেকে লগআউট করে আবার লগইন করতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া