বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রাইজ এআই’। এআই প্ল্যাটফর্মটিতে গবেষণা, শিক্ষা ও আধেয় (কনটেন্ট) তৈরির ২৫টির বেশি এআই টুল রয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই এআই টুলগুলো কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজ করতে পারবেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগলু সম্প্রতি প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাইজ এআইতে আধুনিক প্রযুক্তি, গবেষণা, ছবি তৈরি, ভিডিও নির্মাণ এবং অডিও তৈরির বিভিন্ন এআই টুল ব্যবহার করা যাবে। প্ল্যাটফর্মটিতে ইমাজিন স্টুডিও, স্টাডি হাব এবং প্লাগইনস নামের তিনটি ফিচার রয়েছে। ইমাজিন স্টুডিওর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি, ভিডিও ও অডিও তৈরি করতে পারবেন। অন্যদিকে স্টাডি হাবে শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা পাওয়া যাবে। আর প্লাগইনসের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দৈনন্দিন কাজ সহজ করার বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের সুযোগ মিলবে।
রাইজ এআই প্ল্যাটফর্ম চালুর বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোহান বুসে বলেন, ‘বাংলাদেশের তরুণদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। রাইজ এআইয়ের মাধ্যমে আমরা বিশ্বমানের প্রযুক্তিকে আরও সহজলভ্য করে তুলছি, যাতে তরুণেরা শুধু ডিজিটাল ভবিষ্যতের অংশ হতে পারে তা–ই নয়, বরং সেই ভবিষ্যৎ নির্মাণেও ভূমিকা রাখতে পারে।’
বাংলালিংকের তথ্যমতে, শিক্ষার্থী, তরুণ পেশাজীবী, কনটেন্ট নির্মাতা এবং সম্ভাবনাময় উদ্যোক্তাদের কথা মাথায় রেখে এআই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। প্ল্যাটফর্মটি লক্ষ্য হলো শিক্ষা, গবেষণা, কনটেন্ট নির্মাণ এবং দৈনন্দিন বিভিন্ন কাজে এআই ব্যবহারের সুযোগ করে দেওয়া। পাশাপাশি তরুণদের নতুন ধারণা বিকাশ, সৃজনশীলতার সম্ভাবনা অন্বেষণ এবং নতুন সুযোগ তৈরিতে সহায়তা করবে প্ল্যাটফর্মটি।
রাইজ এআই প্ল্যাটফর্ম মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে। দেশের সব মোবাইল অপারেটরের গ্রাহকদের জন্য উন্মুক্ত প্ল্যাটফর্মটির বিভিন্ন এআই টুল ব্যবহারের জন্য সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ দেড় হাজার টাকার বিভিন্ন প্যাকেজ কিনতে হবে।