গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়া, পণ্য বিক্রিতে সহায়তা করার পাশাপাশি সম্ভাব্য ক্রেতা শনাক্তে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য ‘বিজনেস এজেন্ট’ নামে নতুন একটি এআইনির্ভর সেবা চালু করেছে মেটা। প্রতিষ্ঠানটির দাবি, বিজনেস এজেন্ট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকসেবা, বিক্রয় ও বিপণন কার্যক্রমের বড় একটি অংশ পরিচালনা করা যাবে।
যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ‘কনভারসেশনস ২০২৬’ সম্মেলনে সেবাটি চালুর ঘোষণা দিয়ে মেটা জানিয়েছে, বিজনেস এজেন্ট মূলত একটি ভার্চ্যুয়াল সহকারী, যা ব্যবসাপ্রতিষ্ঠানের হয়ে গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। এর ফলে বড় আকারের গ্রাহকসেবা কর্মী ছাড়াই দিনরাত ২৪ ঘণ্টা গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া যাবে। সেবাটি পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ছোট, মাঝারি ও বড় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য উন্মুক্ত করা হবে।
মেটার তথ্যমতে, বিজনেস এজেন্ট গ্রাহকের ভাষায় যোগাযোগ করতে পারে এবং প্রতিষ্ঠানের নির্ধারিত ভাষাশৈলী ও যোগাযোগের ধরন অনুসরণ করে উত্তর দেয়। ব্যবসাসংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি পণ্যের তালিকা থেকে উপযুক্ত পণ্য সুপারিশ, সাক্ষাতের সময় নির্ধারণ, সম্ভাব্য ক্রেতা যাচাই এবং বিক্রয় সম্পন্ন করার কাজও করতে পারে। কোনো জটিল পরিস্থিতি তৈরি হলে বা মানবিক হস্তক্ষেপের প্রয়োজন হলে কথোপকথন সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধির কাছে হস্তান্তর করতে পারে এআই সহকারীটি।
হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের পাশাপাশি ইনস্টাগ্রামেও বিজনেস এজেন্ট যুক্ত করা হবে। ফলে একই এআই সহকারীর মাধ্যমে তিনটি প্ল্যাটফর্মে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা যাবে। মেটার দাবি, এআই সহকারীটি প্রতিদিনের গ্রাহক যোগাযোগের সারসংক্ষেপ তৈরিসহ প্রয়োজনীয় তথ্যও বিশ্লেষণ করে দেবে। ফলে শুধু গ্রাহকসেবা নয়, ব্যবসা পরিচালনার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখবে বিজনেস এজেন্ট।প্রাথমিকভাবে বিনা মূল্যে ব্যবহার করা যাবে এআই সহকারীটি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস