
বাংলাদেশে প্রথমবারের মতো এআইনির্ভর সৃজনশীল আধেয় (কনটেন্ট) নির্মাতাদের জন্য ‘প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড ২০২৬’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে স্পাইকস্টোরি লিমিটেড। প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় অক্টোবরে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতা ‘এআই বাণিজ্যিক বিজ্ঞাপন’,‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’, ‘সংগীত সৃষ্টি’ ও ‘ফ্যাশন ডিজাইন’ বিভাগে আয়োজন করা হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধনের পাশাপাশি নিজেদের তৈরি এআই ভিডিও জমা দিতে হবে।
প্রতিযোগিতার চূড়ান্ত আসরে বিজয়ীরা পাবেন সম্মাননাসহ মোট ১০ লাখ টাকা পুরস্কার। আজ বুধবার রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্বজুড়ে সৃজনশীল শিল্পের গতিপথ দ্রুত বদলে দিচ্ছে। বিজ্ঞাপন, চলচ্চিত্র, সংগীত ভিডিও থেকে শুরু করে ফ্যাশনপ্রযুক্তি—সবখানেই কৃত্রিম বুদ্ধিমত্তা এখন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। বাংলাদেশের তরুণ প্রজন্মকে এই বৈশ্বিক বিপ্লবের সঙ্গে যুক্ত করা এবং সম্ভাবনাময় ক্রিয়েটরদের একটি জাতীয় প্ল্যাটফর্মে নিয়ে আসাই আমাদের মূল উদ্দেশ্য। শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থান নিয়ে প্রাণ-আরএফএলের দীর্ঘদিনের কাজের ধারাবাহিকতায় এবার যুক্ত হলো প্রযুক্তি খাত।’
প্রতিযোগিতার বিস্তারিত দিক তুলে ধরেন স্পাইকস্টোরি লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হোসেন আল ফারাবি। তিনি জানান, ভিডিওনির্ভর প্রতিযোগিতাটি সব বয়সের বাংলাদেশি নাগরিকের জন্য উন্মুক্ত হলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণকে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। আগ্রহী ব্যক্তিরা আগামী এক মাস নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করে নিজেদের তৈরি ভিডিও জমা দিতে পারবেন। প্রচারণার অংশ হিসেবে এ সময়ে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার অভিযান ও বিশেষ কর্মশালা চালানো হবে। যেখানে শিক্ষার্থীদের হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিক বাছাইপর্ব শেষে প্রতিটি বিভাগের জন্য ১২ জন করে মোট ৪৮ জন প্রতিযোগী নির্বাচন করা হবে। অক্টোবর মাসে চূড়ান্ত প্রতিযোগিতার আগে নির্বাচিত নির্মাতাদের জন্য আয়োজন করা হবে দুই দিনের প্রিজম এআই বুটক্যাম্প। বুটক্যাম্পে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এআই টুলসের নৈতিক ব্যবহার ও শৈল্পিক কৌশল শেখানো হবে।
এআই ক্রিয়েটরদের নিয়ে একটি টেকসই ইকোসিস্টেম ও দীর্ঘমেয়াদি কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজনে অংশীদার হিসেবে যুক্ত রয়েছে দ্য ডেইলি স্টার, সিমস সলিউশন, আস্থা আইটি, টেন মিনিট স্কুল, মেরুন ইন-করপোরেশন, আলেফ গ্রুপ, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, এআই ভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিই সেন্টার।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্পাইকস্টোরি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সাইমুম হোসেন, আস্থা আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসনাইন রিজভী রহমান, সিমস সলিউশনের প্রতিষ্ঠাতা হাসিব হাসান চৌধুরী প্রমুখ।