ইউটিউবে ভিডিও দেখার সময়ই সেই ভিডিওর বিষয়ে বিভিন্ন প্রশ্ন করার সুবিধা চালু করছে গুগল। ‘আস্ক ইউটিউব’ নামের সুবিধাটি চালু হলে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলেই ভিডিওর ভেতরের দৃশ্য বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে উত্তর দেবে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই)। গত মঙ্গলবার গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ বছরের মধ্যেই সুবিধাটি চালু করা হবে বলে জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।
গুগলের তথ্যমতে, সুবিধাটি কথোপকথনের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে। ফলে একই প্রসঙ্গে বারবার নতুন করে প্রশ্ন বা নির্দেশনা দেওয়ার প্রয়োজন হবে না। এর ফলে ভিডিওভিত্তিক তথ্য অনুসন্ধান বর্তমানের তুলনায় আরও সহজ ও স্বাভাবিক হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য সুবিধাটি চালু করা হবে।
আস্ক ইউটিউব সুবিধাটি মূলত ব্যবহারকারীদের সঙ্গে চ্যাটের মতো আলাপের মাধ্যমে প্রাসঙ্গিক তথ্য জানাবে। পাশাপাশি নির্দিষ্ট ভিডিওর সংক্ষিপ্ত রূপ তৈরি, বিষয়ভিত্তিক প্রশ্নের উত্তর দেওয়াসহ প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করবে। ফলে আলাদা করে অন্য কোনো ওয়েবসাইট বা অ্যাপে না গিয়েই ভিডিওতে থাকা বিভিন্ন পণ্যের প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
সুবিধাটি চালু হলে সার্চ বারের পাশে বা ভিডিওর নিচে ‘আস্ক’ নামে একটি বাটন দেখা যাবে। সেখানে ক্লিক করলে প্রচলিত সার্চ ফলাফলের তালিকার পরিবর্তে চ্যাটভিত্তিক একটি ইন্টারফেস চালু হবে। ব্যবহারকারীরা সেখানে সরাসরি প্রশ্ন লেখার পাশাপাশি প্রম্পট নির্বাচন করতে পারবেন। এরপর এআই তাৎক্ষণিকভাবে উত্তর জানানোর পাশাপাশি ভিডিওর সংক্ষিপ্ত রূপ তৈরি করে দেবে। এমনকি ভিডিও চলাকালেও প্রাসঙ্গিক বিভন্ন তথ্য জানাবে সুবিধাটি।
সূত্র: টেকলুসিভ, টাইমস অব ইন্ডিয়া।