আর্জেন্টিনার জাতীয় পতাকার নীল-সাদা রঙে চুল রাঙানো মেসি
আর্জেন্টিনার জাতীয় পতাকার নীল-সাদা রঙে চুল রাঙানো মেসি

চ্যাটজিপিটির ছবিতে বদলে গেল মেসির চুলের রং

আর্জেন্টিনার জাতীয় পতাকার নীল-সাদা রঙে চুল রাঙানো নতুন ছবি প্রকাশ করেছেন ফুটবল তারকা লিওনেল মেসি। তবে ছবিটি বাস্তবে তোলা নয়, তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে। চ্যাটজিপিটির সহায়তায় নিজ দেশের পতাকার রঙে ছবি তৈরি করে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছেন মেসি। তবে এমনি এমনি নয়, এই ছবির মাধ্যমে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে নতুন বৈশ্বিক অংশীদারত্বের কথা জানান দিয়েছেন তিনি।

ওপেনএআই জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা যুগের প্রথম বৈশ্বিক ফুটবল মৌসুমকে সামনে রেখে আর্জেন্টিনার জাতীয় পতাকার নীল-সাদা রঙে চুল রাঙানোর প্রম্পট এরই মধ্যে চ্যাটজিপিটির প্রিসেট স্টাইল কালেকশনে যুক্ত করা হয়েছে। প্রম্পটিতে বলা হয়েছে, ‘মেক মাই হেয়ার দ্য কালারস অব দ্য [আর্জেন্টিনা] ফ্ল্যাগ, বাট কিপ ইট ন্যাচারাল লুকিং।’ ফলে বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকেরা মেসির মতো একই ধরনের ছবি তৈরি করতে পারবেন। বড় কোনো ম্যাচ বা টুর্নামেন্ট উপলক্ষে নিজেদের সমর্থন প্রকাশের নতুন একটি মাধ্যম হিসেবেও এটি ব্যবহার করা যাবে।

মেসি জানিয়েছেন, বিভিন্ন দেশের মানুষ কীভাবে নিজেদের সংস্কৃতি ও আবেগের সঙ্গে ফুটবলকে উদ্‌যাপন করে, তা দেখতে তিনি সব সময়ই পছন্দ করেন। নতুনভাবে সমর্থন জানানোর একটি উপায় কল্পনা করতে তিনি চ্যাটজিপিটির সহায়তা নিয়েছেন। আর সেই উদ্যোগের শুরুটা করেছেন নিজের দেশ আর্জেন্টিনার রং দিয়ে। মেসির বিশ্বাস, কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে ফুটবল সমর্থকদের জন্য নতুন ধরনের অভিজ্ঞতা তৈরি করবে। এর মাধ্যমে খেলার বিভিন্ন দিক আরও সহজে বোঝা যাবে, মাঠের ঘটনাপ্রবাহ সম্পর্কে দ্রুত ধারণা পাওয়া যাবে এবং সমর্থকেরা নিজেদের সম্পৃক্ততাও নতুনভাবে প্রকাশ করতে পারবেন।

ওপেনএআই জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহে মেসি ও ওপেনএআইয়ের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এ বিষয়ে আরও তথ্য ও বিভিন্ন ধরনের কনটেন্ট প্রকাশ করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া