মেটা ওয়ান নামের নতুন সাবস্ক্রিপশন সেবা চালু করেছে মেটা
মেটা ওয়ান নামের নতুন সাবস্ক্রিপশন সেবা চালু করেছে মেটা

এআই ব্যবহারে বাড়তি সুবিধা দিতে মেটার নতুন উদ্যোগ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের সীমা বাড়ানোর পাশাপাশি নির্মাতা ও ব্যবসায়ীদের বাড়তি সুবিধা দিতে ‘মেটা ওয়ান’ নামের নতুন সাবস্ক্রিপশন সেবা চালু করেছে মেটা। নতুন এ সুবিধা চালুর ফলে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও মেটা এআইয়ের ৫০টির বেশি সুবিধা সহজে ব্যবহার করা যাবে। পর্যায়ক্রমে এডিটস ও এআইনির্ভর স্মার্ট চশমাতেও এসব সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে মেটার।

মেটা ওয়ানের মধ্যে রয়েছে নির্দিষ্ট অ্যাপের জন্য আলাদা সাবস্ক্রিপশন, ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য কোর ও প্রিমিয়াম বান্ডেল এবং নির্মাতা ও ব্যবসায়ীদের জন্য বিশেষ প্যাকেজ। মেটা জানিয়েছে, সাবস্ক্রিপশন করতে হলেও ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও মেটা এআইয়ের মূল সুবিধাগুলো বিনা মূল্যে ব্যবহার করা যাবে। ফলে অর্থের বিনিময়ে এআই ব্যবহারকারীরা আরও বেশি সুযোগ ও সুবিধা পাবেন। সুবিধাটি ধাপে ধাপে বিভিন্ন দেশে চালু করা হচ্ছে। মেটা ওয়ানের আগে ইনস্টাগ্রাম প্লাস, ফেসবুক প্লাস ও হোয়াটসঅ্যাপ প্লাস নামে আলাদা সাবস্ক্রিপশন সেবা চালু করা হয়েছিল। এখন এসব সুবিধা কোর ও প্রিমিয়াম বান্ডেলের সঙ্গে যুক্ত করা হয়েছে।

মেটা ওয়ানের কোর ও প্রিমিয়াম প্যাকেজ মূলত এআইয়ের নিয়মিত ব্যবহারকারীদের জন্য তৈরি করা হয়েছে। ফলে মেটা এআই দিয়ে আরও বেশি ছবি ও ভিডিও তৈরি করা যাবে। পাশাপাশি ইনস্টাগ্রামের এআইভিত্তিক রিস্টাইল ফিচার এবং ভয়েস ইফেক্টের মতো সুবিধাও বেশি ব্যবহার করা যাবে। কোর প্যাকেজে মেটা এআই দিয়ে ছবি ও ভিডিও তৈরির বাড়তি সুযোগের পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরির কনটেন্ট নতুনভাবে সাজানো, ভয়েস ইফেক্ট ব্যবহার এবং অন্যান্য সৃজনশীল টুল ব্যবহারের সীমা বাড়ানো হয়েছে।

মেটা ওয়ানে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা, আধেয় (কনটেন্ট) প্রকাশ এবং গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য পেশাদার বিভিন্ন টুল যুক্ত করা হয়েছে। নির্মাতাদের জন্য নির্ধারিত প্যাকেজে ভেরিফায়েড ব্যাজ, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপে ভেরিফায়েড চ্যানেল এবং কেউ অন্যের পরিচয় ব্যবহার করে অ্যাকাউন্ট পরিচালনার চেষ্টা করলে তা ঠেকানোর সুবিধাও যুক্ত করা হয়েছে। এর ফলে উন্নত ব্যবসায়িক সুবিধার পাশাপাশি মেটা বিজনেস এজেন্ট আরও সহজে ব্যবহার করা যাবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস