পছন্দ অনুযায়ী নিজস্ব ভার্চ্যুয়াল জগৎ তৈরির সুযোগ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ‘প্রজেক্ট জিনি’ অ্যাপ উন্মুক্ত করেছে গুগল। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের ইন্টারঅ্যাকটিভ ভার্চ্যুয়াল জগৎ তৈরি করতে পারবেন। তৈরি করা জগৎ শুধু দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সেখানে ঘুরেও দেখা যাবে।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানান, প্রজেক্ট জিনি একটি প্রটোটাইপ ওয়েব অ্যাপ, যা জিনি ৩, ন্যানো বানানা প্রো ও জেমিনির সমন্বয়ে তৈরি করা হয়েছে। অ্যাপটি কাজে লাগিয়ে ব্যবহারকারী ব্যক্তিরা সহজেই নিজেদের মতো করে ইন্টারঅ্যাকটিভ জগৎ তৈরি করতে পারবেন। প্রজেক্ট জিনি অ্যাপ দিয়ে তৈরি ভার্চ্যুয়াল জগতের একটি ভিডিও শেয়ার করেছেন পিচাই। ভিডিওতে প্রজেক্ট জিনির মাধ্যমে তৈরি একটি স্পেস স্টেশনে একজন নভোচারীকে ঘুরে বেড়াতে দেখা গেছে।
গুগলের তথ্যমতে, প্রজেক্ট জিনিতে জগৎ তৈরির প্রক্রিয়া শুরু হবে ওয়ার্ল্ড স্কেচিংয়ের মাধ্যমে। এ পর্যায়ে ব্যবহারকারীকে লেখা বা ছবি দিয়ে নির্দেশনা দিতে হবে। সেই নির্দেশনার ভিত্তিতে এআইয়ের মাধ্যমে কৃত্রিম পরিবেশ, চরিত্র ও কাঠামো তৈরি করে একটি সম্পূর্ণ ভার্চ্যুয়াল জগৎ গড়ে তোলা হবে। প্রয়োজনে কোনো বস্তুর ছবিও ইনপুট হিসেবে ব্যবহার করা যাবে। একবার ভার্চ্যুয়াল জগৎ তৈরি হয়ে গেলে ব্যবহারকারী ব্যক্তিরা সেটি বিভিন্ন দিক থেকে ঘুরে দেখতে পারবেন। এমনকি চাইলে প্ল্যাটফর্মে থাকা অন্য কোনো ভার্চ্যুয়াল জগৎকে নিজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন বা পুনর্গঠনও করতে পারবেন ব্যবহারকারীরা।
প্রজেক্ট জিনির বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। তৈরি করা ভার্চ্যুয়াল জগৎগুলো সর্বোচ্চ ৬০ সেকেন্ড পর্যন্ত ঘুরে দেখা যায়। শুধু তাই নয়, অনেক সময় সব দৃশ্য পুরোপুরি বাস্তবসম্মত মনে হয় না। প্রাথমিকভাবে প্রজেক্ট জিনি অ্যাপ যুক্তরাষ্ট্রে বসবাসকারী গুগলের এআই আলট্রা ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন।
সূত্র: দ্য ভার্জ, ইন্ডিয়া টুডে