ব্যবহারকারীদের বিভিন্ন তথ্যনির্ভর অনুষ্ঠান তৈরি করে প্রচার করবে গুগলের টিভি চ্যানেল
ব্যবহারকারীদের বিভিন্ন তথ্যনির্ভর অনুষ্ঠান তৈরি করে প্রচার করবে গুগলের টিভি চ্যানেল

এআইনির্ভর টিভি চ্যানেল আনছে গুগল, অনুষ্ঠানের প্রধান চরিত্রে দেখা যাবে নিজেকে

এআইনির্ভর টিভি চ্যানেল তৈরির পরিকল্পনা করছে গুগল। চ্যানেলটির বিভিন্ন অনুষ্ঠানে প্রধান চরিত্র হিসেবে দেখা যাবে নিজেকে। এ জন্য আপনার ব্যক্তিগত তথ্য, পছন্দ ও অভ্যাস বিশ্লেষণ করে অনুষ্ঠানের গল্প তৈরি করবে চ্যানেলটি। আর তাই চ্যানেলটির বিভিন্ন অনুষ্ঠানে কখনো ক্রিকেট বিশ্বকাপের গ্যালারিতে বসে প্রিয় দলের জন্য উল্লাস করা অবস্থায় নিজেকে দেখার পাশাপাশি রোমান্টিক, কমেডি বা রোমাঞ্চকর অনুষ্ঠানে নিজের চেহারা দেখা যাবে। এরই মধ্যে ‘মাই চ্যানেল’ নামের এই এআইনির্ভর টিভি চ্যানেলটির পেটেন্টের জন্য আবেদন করেছে গুগল।

গুগলের তথ্যমতে, এআইনির্ভর টেলিভিশন চ্যানেলটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ২৪ ঘণ্টা ভিডিও তৈরি ও প্রচার করা হবে। প্রতিটি ভিডিওর প্রধান চরিত্র হিসেবে থাকবেন সংশ্লিষ্ট ব্যবহারকারী। পাশাপাশি ভিডিওর মধ্যে যুক্ত হবে তাঁর আগ্রহ ও পছন্দের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপন।

টেলিভিশন চ্যানেলটি মূলত ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এআইনির্ভর বিভিন্ন অনুষ্ঠান প্রচার করবে। এসব তথ্যের মধ্যে রয়েছে বয়সসহ ব্যক্তিগত পরিচিতি, ভিডিও দেখার ইতিহাস, ব্যবহৃত যন্ত্রের অবস্থান ও ভাষার সেটিংস। শুধু তা–ই নয়, ব্যবহারকারীদের ছবি ও কণ্ঠস্বরের নমুনা ব্যবহার করে তৈরি করা হবে তাঁর একটি ভার্চ্যুয়াল অবতার। পরে সেই অবতারকে এআই দিয়ে তৈরি ভিডিওর প্রধান চরিত্র হিসেবে দেখানো হবে। অর্থাৎ পর্দায় নিজের জীবন ও পছন্দের বিষয়গুলো ঘিরে তৈরি গল্পের মধ্যেই নিজেকে দেখতে পাবেন ব্যবহারকারীরা।

পেটেন্টের তথ্য অনুযায়ী, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমকে ভিডিও তৈরির নির্দেশনা দেওয়া হবে। চ্যাটজিপিটির মতো এআই চ্যাটবট তৈরিতেও এই প্রযুক্তি ব্যবহৃত হয়। ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী এআই বিভিন্ন ধরনের অনুষ্ঠান তৈরি করতে পারবে। এর মধ্যে থাকতে পারে অপরাধ ও কমেডির মিশেলে তৈরি গল্প, রোমান্টিক কমেডি, কল্পবিজ্ঞানভিত্তিক অভিযান কিংবা অ্যাকশন ও থ্রিলারধর্মী কাহিনি। শুধু ব্যক্তিগত পছন্দের বিষয়বস্তু নয়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গেও ব্যবহারকারীর আগ্রহ মিলিয়ে ভিডিও তৈরি করা যাবে।

গুগলের এই পরিকল্পনার সঙ্গে জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘ব্ল্যাক মিরর’–এর ‘জোয়ান ইজ অ্যাওফুল’ পর্বের মিল রয়েছে। ওই পর্বে দেখা যায়, জোয়ান নামের এক নারী জানতে পারেন, স্ট্রিমবেরি নামের একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম তাঁর জীবনের ঘটনাগুলো নিয়ে টিভি সিরিজ তৈরি করছে। সেখানে এআই দিয়ে তৈরি অভিনেত্রী সালমা হায়েকের একটি ভার্চ্যুয়াল সংস্করণ তাঁর চরিত্রে অভিনয় করছে।

গুগলের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো ব্যবহারকারীর আগ্রহ ও পছন্দ অনুযায়ী বিজ্ঞাপন দেখানো। পেটেন্টে এ জন্য ‘অ্যাড স্টিচার’ নামের একটি প্রযুক্তির উল্লেখ রয়েছে। এই প্রযুক্তি এআই দিয়ে তৈরি ভিডিওর ধারাবাহিক প্রবাহের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিজ্ঞাপন যুক্ত করবে। ফলে ব্যবহারকারী যে ধরনের বিষয়বস্তু দেখতে পছন্দ করেন, সেই আগ্রহের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিজ্ঞাপন দেখানো সম্ভব হবে।

সূত্র: ডেইলি মেইল