এআইয়ের নেতিবাচক প্রভাবের কারণে বদলে যাচ্ছে সফটওয়্যার প্রকৌশলীদের চাকরির বাজারও। যুক্তরাষ্ট্রে সফটওয়্যার প্রকৌশলীদের চাকরির অনিশ্চয়তা দেখা দেওয়ায় শিক্ষার্থীদের সেমিকন্ডাক্টর বা চিপ–শিল্পের উপযোগী করে গড়ে তুলতে নতুন শিক্ষাক্রম ও প্রশিক্ষণ কর্মসূচি চালু করছে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদনের জন্য একের পর এক নতুন কারখানা তৈরি হলেও প্রয়োজনীয় দক্ষ প্রকৌশলী ও কারিগরি কর্মীর ঘাটতি দেখা দিয়েছে। আর তাই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের চিপ–শিল্পে নতুন ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো।
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির প্রেসিডেন্ট মাইকেল ক্রো বলেন, ‘বিশ্বজুড়ে ইন্টেলের জন্য সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয় স্নাতক তৈরি করি আমরা। এখন টিএসএমসির জন্যও একই অবস্থানে যেতে চাই।’ তবে দক্ষ কর্মী নিয়োগ ও ধরে রাখার ক্ষেত্রে বেতন একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেমিফাউন্ডেশনের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে চিপ–শিল্পের কর্মীদের বার্ষিক বেতন সাধারণত ১ লাখ ২৭ হাজার থেকে ১ লাখ ৮৭ হাজার ডলারের মধ্যে হয়ে থাকে। উচ্চ পদে বেতন ২ লাখ ৩৮ হাজার ডলারের বেশি হয়। দক্ষ কর্মীর চাহিদা বেশি থাকায় দক্ষিণ কোরিয়ায় চিপ–শিল্পের কর্মীদের বেতন ও বোনাসও বেড়েছে। সেখানে মাইক্রন, স্যামসাং ও এসকে হাইনিক্সের কর্মীদের ধর্মঘটের হুমকির মধ্যে বোনাসের পরিমাণ ৫ লাখ ডলারের বেশি হয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের কর্মীদের দিনে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হয়।
ম্যাককিনসি ও সেমিফাউন্ডেশনের সাম্প্রতিক তথ্যমতে, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর শিল্পে ১ লাখ ২৭ হাজার থেকে ১ লাখ ৫৭ হাজার কর্মীর ঘাটতি হতে পারে। একই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রয়োজনীয় চিপের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রে উৎপাদন সক্ষমতা দ্রুত বাড়ানো হচ্ছে। ফলে নতুন কারখানার পাশাপাশি এসব কারখানা পরিচালনার জন্য দক্ষ কর্মী তৈরির বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টেক্সাসের অস্টিনে স্যামসাংয়ের সেমিকন্ডাক্টর বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট জন টেলর বলেন, ‘আমি উদ্বিগ্ন। কারণ, আমাদের কর্মী তৈরির পাইপলাইনে পর্যাপ্ত কারিগরি দক্ষতাসম্পন্ন মানুষ নেই।’
কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ব্যবস্থা পরিচালনায় উন্নত মেমোরি ও লজিক চিপের প্রয়োজন হয়। সেই চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়াতে বড় ধরনের বিনিয়োগ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ও ইন্টেল এরই মধ্যে অ্যারিজোনায় নতুন কারখানায় উন্নত প্রযুক্তির লজিক চিপ উৎপাদন করছে। স্যামসাংও যুক্তরাষ্ট্রে উন্নত লজিক চিপ উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে। টেক্সাসের টেলরে নির্মাণাধীন দুটি কারখানার প্রথমটিতে চলতি বছরের শেষ দিকে উৎপাদন শুরুর কথা রয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া