
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে লেখা তৈরি করা এখন অনেকের দৈনন্দিন কাজের অংশ। তবে এআইয়ের তৈরি লেখায় অনেক সময় এমন কিছু শব্দ, বাক্য গঠন বা ভঙ্গি থাকে, যা দেখেই বোঝা যায় লেখাটি মানুষের নয়। এ ধরনের কৃত্রিম ও একঘেয়ে এআইনির্ভর লেখাকে অনেকে ‘এআই স্লপ’ বলে থাকেন। এবার ব্যবহারকারীর নিজস্ব লেখার ধরন অনুসরণ করে আরও স্বাভাবিকভাবে লেখা তৈরির সুযোগ দিতে চ্যাটজিপিটিতে ‘রাইটিং স্টাইল’–এর সুবিধা যুক্ত করেছে ওপেনএআই।
ওপেনএআই জানিয়েছে, নতুন যুক্ত হওয়া রাইটিং স্টাইলের সুবিধার মাধ্যমে চ্যাটজিপিটি ব্যবহারকারীর আগের লেখা বিশ্লেষণে তার মতো করে নতুন লেখা তৈরি করতে পারবে। তবে এ জন্য ব্যবহারকারীকে চ্যাটজিপিটির সঙ্গে নিজের ই–মেইল, বার্তা ও অন্যান্য লেখার সেবা যুক্ত করার অনুমতি দিতে হবে। প্রাথমিকভাবে সুবিধাটি চ্যাটজিপিটি ওয়ার্ক নামের এআই এজেন্ট টুল ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে। ওয়েবে চ্যাটজিপিটি ওয়ার্ক ব্যবহারের সুযোগ রয়েছে, এমন সাবস্ক্রিপশন প্ল্যানের ব্যবহারকারীরা সেটিংসের ‘পারসোনালাইজেশন’ অপশন থেকে সুবিধাটি চালু করতে পারবেন।
ওপেনএআইয়ের তথ্যমতে, রাইটিং স্টাইলের সুবিধা চালু করলে ব্যবহারকারীরা কীভাবে লেখেন, তা বিশ্লেষণ করে পরবর্তী সময়ে তৈরি করা লেখায় সেই বৈশিষ্ট্যগুলো অনুসরণ করবে চ্যাটজিপিটি। ব্যবহারকারীর পছন্দের শব্দ ও বাক্যাংশ, লেখার শেষে ব্যবহৃত নির্দিষ্ট সাইন এবং বড় হাতের অক্ষর ব্যবহারের মতো ছোটখাটো অভ্যাসও এতে বিবেচনায় নেওয়া হবে। ফলে কেউ নিয়মিত যেসব শব্দ বা বাক্যাংশ ব্যবহার করেন, চ্যাটজিপিটি নতুন লেখা তৈরির সময় সেগুলো অনুসরণ করতে পারবে। একইভাবে বাক্য সাজানোর ধরন, লেখার স্বর ও যতিচিহ্ন ব্যবহারের অভ্যাসও লেখায় তুলে ধরবে। এর ফলে এআই দিয়ে তৈরি ই–মেইল বা নথি ব্যবহারকারীদের কাছে নিজের লেখা বলেই মনে হবে। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য চ্যাটজিপিটি ওয়ার্ককে ব্যবহারকারীর জিমেইল, গুগল ড্রাইভ, স্ল্যাক ও শেয়ারপয়েন্ট ব্যবহারের অনুমতি দিতে হবে।
ব্যবহারকারীদের লেখার ধরন অনুসরণ করে লেখা তৈরির এমন সুবিধা অবশ্য এবারই প্রথম নয়। এর আগে অ্যানথ্রপিক তাদের এআই চ্যাটবট ক্লডে ‘স্টাইলস’ সুবিধা চালু করেছে। এতে ব্যবহারকারীরা নিজেদের লেখা আপলোড বা পেস্ট করে যোগাযোগের ধরন অনুযায়ী কাস্টম স্টাইল তৈরি করতে পারেন।
সূত্র: ইন্ডিয়া টুডে