রাজধানী ঢাকার বড় সমস্যা হলো যানজট। নিত্যদিনের এ যানজটে অতিষ্ঠ নগরবাসী। কিন্তু জীবনযাপনের প্রয়োজনে রাস্তায় নামতেই হয়। মুখোমুখি হতে হয় যানজটের। অল্প সময়ে গন্তব্যে পৌঁছানোর জন্য মোটরবাইকের বিকল্প নেই। ঢাকা শহরে দিন দিন বাইকের বাড়ছে। অ্যাপভিত্তিক রাইডার সার্ভিসের কারণে সেই সংখ্যা আরও বেড়েছে। যানজটে মোটরসাইকেলের চালকদের কী করা উচিত, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন বাইক বিডির এডিটরস ইন চিফ আরিফ রায়হান।
যানজটের কারণে অনেক সময় রাস্তায় বাইকের জন্য ছোট্ট একটা লেন তৈরি হয়ে যায়। অনেক সময় সেই লেন দিয়ে বাইক যাওয়া চেষ্টা করে। কিন্তু কিছু কিছু সময় ওই লেনে সিএনজিচালিত অটোরিকশা বা ব্যক্তিগত গাড়ির কারণে সামনে যাওয়া সম্ভব হয় না। এই কারণে অপেক্ষা করতে হয়। অনেক বাইকার আছেন, যাঁরা সেই অপেক্ষার সময়টা মেনে নিতে পারেন না। এ কারণে পেছন থেকে অযথা হর্ন বাজাতে থাকেন। এটি কখনেই করা উচিত নয়। কেউ শখ করে যানজটে দাঁড়িয়ে থাকে না। তাই যানজটে অযথা হর্ন বাজানো উচিত নয়।
ফুটপাত দিয়ে কোনো অবস্থাতেই বাইক চালানো যাবে না। যানজটে অনেক বাইকার বাইক ফুটপাতে তুলে দেন। ফুটপাত হলো পথচারীর হাঁটার জায়গা। ফুটপাতে বাইক চালালে পথচারীর সমস্যা হবে। যদি কারও নির্দিষ্ট সময়ের মধ্যে যাওয়ার তাড়া থাকে, তাহলে অবশ্যই হাতে একটু বেশি সময় নিয়ে বাসা বা অফিস থেকে বের হওয়া উচিত।
সড়ক আইন বা ট্রাফিক নিয়ম যথাযথভাবে মেনে চলতে হবে। রাস্তায় সিগন্যাল দিলে বাইক থামিয়ে দেওয়া উচিত। কোনো অবস্থাতেই সিগন্যাল দেওয়ার পর বাইক নিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করা যাবে না।
সিগন্যাল দিলে অবশ্যই সড়কের জেব্রা ক্রসিংয়ে আগে বাইক থামিয়ে দিতে হবে। জেব্রা ক্রসিংয়ের সামনে একটা সাদা রেখা টানা থাকে। এর আগেই থামা উচিত। জেব্রা ক্রসিংয়ের ওপরে বাইক থামানো উচিত নয়। কারণ, জেব্রা ক্রসিং হলো মানুষের যাতায়াতের পথ।
ট্রাফিক পুলিশ যদি বাইকারদের থামার সংকেত দেন, তাহলে অবশ্যই থেমে যেতে হবে। রাস্তায় বাইক চালানোর জন্য প্রয়োজনীয় কাগজপত্র ঠিকমতো রাখতে হবে। যদি না থাকে, তাহলে যত দ্রুত সম্ভব কাগজগুলো বানিয়ে নিতে হবে। নিজের নিরাপত্তা ও জরিমানার হাত থেকে বাঁচার জন্য বাইকের কাগজপত্র ঠিক রাখা উচিত।
আপনি যখন যানজটে বাইক চালাবেন, তখন সামনের বাহন থেকে কিছু দূরত্ব বজায় রাখা উচিত। যাতে আপনি হঠাৎ ব্রেক করলে সামনের বাইক বা অন্য কোনো বাহনের সঙ্গে লেগে না যায়। কিংবা পেছন থেকে কোনো বাইক এসে যেন ধাক্কা না দিতে পারে। কারণ, বাইক আপনার, ক্ষতি হলে আপনারই হবে। তাই কিছু নির্দিষ্ট একটা দূরত্ব রেখে বাইক চালানো উচিত।
রাস্তায় অনেক সময় বেশ দীর্ঘ যানজটের মুখোমুখি হতে হয় বাইকারদের। এ ক্ষেত্রে যে জট দেড় থেকে আড়াই মিনিটের বেশি থাকতে পারে, সেটিতে বাইক বন্ধ করে দেওয়া উচিত। এতে জ্বালানি সাশ্রয় হয়।
জ্যামের মধ্যেই কোনোভাবেই দ্রুতগতিতে চালানো উচিত নয়। নিজের নিরাপত্তার জন্য দ্রুতগতির অন্য বাইককে চলে যেতে দেওয়া উচিত। বাস বা ট্রাক থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত। বাইক নিয়ে বাস বা ট্রাকেরে ব্লাইন্ড জোনে দাঁড়ানো উচিত নয়। ব্লাইন্ড জোনে বাইক নিয়ে দাঁড়ালে বাস বা ট্রাকের চালক আপনাকে দেখতে পাবেন না। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়।