
গাড়ি চালানোর সময় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবটের সঙ্গে সরাসরি কথোপকথনের সুযোগ চালু করতে যাচ্ছে অ্যাপল। এ জন্য গাড়িতে ব্যবহার উপযোগী কারপ্লে সফটওয়্যারে শিগগিরই ভয়েসভিত্তিক চ্যাটবট যুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এ সুবিধা চালু হলে গাড়ি চালানোর সময়ও আইফোন ব্যবহারকারীরা এআই চ্যাটবটকে কণ্ঠের মাধ্যমে বিভিন্ন প্রশ্ন করে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। সম্প্রতি অ্যাপলের প্রকাশিত কারপ্লে ডেভেলপার গাইডে এ–সংক্রান্ত তথ্য যুক্ত করা হয়েছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারসের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আইওএস ২৬.৪ সংস্করণে অ্যাপল কারপ্লেতে এআই চ্যাটবট সমর্থন সুবিধা যুক্ত করা হবে। এর ফলে চ্যাটজিপিটি বা জেমিনির মতো তৃতীয় পক্ষের এআই চ্যাটবট কারপ্লের মাধ্যমে ব্যবহার করা যাবে। ফলে গাড়ি চালানোর সময় ব্যবহারকারীরা সরাসরি চ্যাটবটকে প্রশ্ন করে তাৎক্ষণিক উত্তর জানতে পারবেন। তবে এই সুবিধা ব্যবহারে কিছু শর্ত থাকছে। চ্যাটজিপিটি বা জেমিনির মতো অ্যাপগুলোকে কারপ্লে সমর্থন যুক্ত করে আলাদাভাবে হালনাগাদ করতে হবে।
অ্যাপলের তথ্যমতে, ব্যবহারকারীদের কারপ্লের ইন্টারফেস থেকে চ্যাটবট চালু করে কথোপকথন শুরু করতে হবে। আর তাই চ্যাটবট নির্মাতারা প্রয়োজনীয় হালনাগাদ না আনলে সংশ্লিষ্ট অ্যাপ কারপ্লেতে কাজ করবে না। পাশাপাশি ‘ওয়েক ওয়ার্ড’ ব্যবহার করে সরাসরি চ্যাটবট চালুরও সুযোগ মিলবে না। তবে চ্যাটবটের মাধ্যমে গাড়ি বা আইফোন নিয়ন্ত্রণ করা যাবে না। অর্থাৎ তথ্যভিত্তিক প্রশ্নের উত্তর পাওয়া গেলেও গাড়ির সেটিংস পরিবর্তন বা ফোনের কোনো ফিচার পরিচালনা করা সম্ভব হবে না।
আইওএস ২৬.৪ সংস্করণে আরও কয়েকটি নতুন সুবিধা যুক্ত হচ্ছে। এর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় অ্যাপল মিউজিকে স্বয়ংক্রিয় প্লেলিস্ট তৈরি, পডকাস্টে ভিডিও প্লেব্যাকের সুযোগ এবং আরসিএস বার্তায় অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন সুবিধা।
সূত্র: ম্যাশেবল