প্রদর্শনী প্রাঙ্গণেই বাইক চালাচ্ছেন এক দর্শণার্থী
প্রদর্শনী প্রাঙ্গণেই বাইক চালাচ্ছেন এক দর্শণার্থী

বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে

রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলা বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (বিইভিএমএক্স) প্রদর্শনীতে দেখা মিলছে দেশ–বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইকের। বেশ কয়েকটি প্রতিষ্ঠান প্রদর্শনী প্রাঙ্গণের পাশাপাশি নির্দিষ্ট স্থানে টেস্ট ড্রাইভের সুযোগ দেওয়ায় সহজেই পছন্দের মোটরবাইক কেনার সুযোগ মিলছে প্রদর্শনীতে।

আজ শুক্রবার প্রদর্শনী ঘুরে দেখা গেছে, বিভিন্ন স্টলে টপমটো, হরউইন, তাকিওন, এনওয়াও, ডংঝিং ও সানরা ব্র্যান্ডের হালনাগাদ প্রযুক্তির নতুন মডেলের বৈদ্যুতিক মোটরবাইক প্রদর্শন করা হচ্ছে। এনওয়াও ব্র্যান্ড নিজেদের তৈরি পাঁচটি মডেলের বৈদ্যুতিক মোটরবাইক প্রদর্শন করছে। জিবি ২, টিকে, এসই, ডব্লিউওএসপি ও ভি ১১ মডেলের মোটরবাইকগুলোর দাম ধরা হয়েছে যথাক্রমে ৬০ হাজার টাকা, ৮৫ হাজার টাকা, ৯৫ হাজার টাকা, ১ লাখ ৩৭ হাজার টাকা ও ১ লাখ ৪৭ হাজার টাকা।

টপমটো ব্র্যান্ডের ছয়টি মডেলের বৈদ্যুতিক মোটরবাইক পাওয়া যাচ্ছে প্রদর্শনীতে। মডেলগুলো হলো ওরিওন, ক্রাউন, রয়েল, টারবো, ফিনিক্স ও রেভন। মডেলগুলোর দাম যথাক্রমে ৮২ হাজার ৯০০ টাকা, ৯৪ হাজার ৯০০ টাকা, ১ লাখ ৭ হাজার ৯০০ টাকা, ১ লাখ ২১ হাজার ৯০০ টাকা, ১ লাখ ২৩ হাজার ৯০০ টাকা ও ১ লাখ ৪৮ হাজার ৯০০ টাকা।

সুমি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনিরুজ্জামান মনির বলেন, ‘টপমটো একটি বাংলাদেশি প্রতিষ্ঠান এবং আমাদের ডেমরায় কারখানায় টপমটোর সব বৈদ্যুতিক মোটরবাইক সংযোজন করা হয়। প্রদর্শনীতে আমরা ভালো সাড়া পাচ্ছি।’

বৈদ্যুতিক মোটরবাইকের সামনে ছবি তুলছেন দর্শনার্থীরা

পাঁচটি মডেলের বৈদ্যুতিক মোটরবাইক প্রদর্শন করছে হরউইন ব্র্যান্ড। মডেলগুলো হলো এসকে১, কিওবি৫, এসকে১ ডিএস, এসকে৩ প্লাস ও সিআর১। এগুলোর দাম যথাক্রমে ২ লাখ ২৫ হাজার টাকা, ২ লাখ ৪০ হাজার টাকা, ২ লাখ ৪৫ হাজার টাকা, ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৩ লাখ ৫৫ হাজার টাকা।

এইচকেডি গ্রিন এনার্জি লিমিটেডের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপক বারেক হাসান জানান, হরউইন এসকে ৩ প্লাস মডেলের মোটরবাইক একবার চার্জে ১৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। মোটরবাইকটি ৪ ঘণ্টা ৩০ মিনিটে পূর্ণ চার্জ করা যায়। আর তাই বৈদ্যুতিক মোটরবাইকটির চাহিদা অনেক বেশি।

ওয়ালটনের তাকিওন ব্র্যান্ডের ৯টি মডেলের বৈদ্যুতিক মোটরসাইকেল প্রদর্শনীতে পাওয়া যাচ্ছে। মডেলগুলো হলো তাকিওন ১.০০, ফিউশন ২৫ এফজেড, ফিউশন ২৫ টিআর, ফিউশন ২৫ আরএস, ফিউশন ২৫ জে, ফিউশন ২৫ টিডি, ১.০০ সুইফট, এলইডি ২৫ টি১ ও এলইডি ২৫টিআর। মডেলগুলোর দাম ৯০ হাজার টাকা থেকে ১ লাখ ৬২ হাজার টাকা পর্যন্ত।

ওয়ালটন তাকিওন ব্র্যান্ডের জ্যেষ্ঠ আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক মো. ফারহানুর রেজা বলেন, ‘আমাদের সব বৈদ্যুতিক মোটরসাইকেল বাংলাদেশে তৈরি করা হয়। আমরা পণ্যের প্রচারণার উদ্দেশ্যে প্রদর্শনীতে অংশ নিয়েছি এবং দর্শনার্থীদের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সাড়া পাচ্ছি। আমরা বিআরটিএর নিবন্ধনসহ বৈদ্যুতিক মোটরসাইকেল বিক্রি করে থাকি। তবে নিবন্ধন ফি বেশি হওয়ায় অনেক গ্রাহক নিবন্ধনের বিষয়ে আগ্রহ দেখান না। সরকার নিবন্ধন ফি কমালে এ খাতের বিকাশ আরও বেশি হবে বলে মনে করি।’

বড় পরিসরে টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগও রয়েছে প্রদর্শনীতে

১১টি মডেলের বৈদ্যুতিক মোটরবাইক নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছে ডংঝিং ডিজেডিসি ব্র্যান্ড। মোটরবাইকগুলোর দাম মডেলভেদে ৭৫ হাজার টাকা থেকে ২ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত।

চীনের ব্র্যান্ড সানরার বাংলাদেশের আনুষ্ঠানিক পরিবেশক রিপন অটোস প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক জীবন বাশার বলেন, ‘আমাদের ছয়টি মডেলের বৈদ্যুতিক মোটরসাইকেল বাজারে পাওয়া যাচ্ছে। মডেলগুলোর দাম ধরা হয়েছে ৮৪ হাজার ৫০০ টাকা থেকে ১ লাখ ৬২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।’

প্রদর্শনীতে কথা হয় মোস্তাহিদ নামের এক দর্শনার্থীর সঙ্গে। প্রদর্শনীর বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, ‘আমি বর্তমানে জ্বালানিতে চলা মোটরসাইকেল ব্যবহার করি। তবে আমার কাছে বৈদ্যুতিক মোটরবাইক চালিয়ে বেশি আরাম মনে হয়েছে। প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মোটরবাইক পরখ করার সুযোগ মেলায় আমার জন্য স্বাচ্ছন্দ্যময় মোটরবাইক কেনা সহজ হবে।’

প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেডের উপমহাব্যবস্থাপক ফেরদৌস ইলিয়াস বলেন, ‘আমাদের যেমন প্রত্যাশা ছিল, তার চেয়ে বেশি দর্শনার্থী এ আয়োজনে এসেছেন।’ তিন দিনের এ প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।