
বাংলাদেশ টানা পঞ্চমবারের মতো ১১.১১ ক্যাম্পেইন চালু করছে ই-কমার্স ওয়েবসাইট দারাজ ডটকম। ১১ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলা এ আয়োজনে ক্রেতারা বিভিন্ন ছাড়সুবিধা কাজে লাগিয়ে কম মূল্যে পছন্দের পণ্য কিনতে পারবেন। কেনাকাটায় ছাড় পাওয়ার পাশাপাশি বিভিন্ন উপহার জেতারও সুযোগ মিলবে। আজ রাজধানীর একটি হোটেলে এসব তথ্য জানায় দারাজ কর্তৃপক্ষ।
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘দেশের মানুষের ই-কমার্স সাইটে কেনাকাটার আগ্রহ বাড়ছে। এ খাতের বিকাশে আমরা নিয়মিত বিশেষ প্রচারণার আয়োজন করে থাকি। আর তাই এ বিক্রয় উৎসব নিয়ে ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীদের বেশ আগ্রহ থাকে। এ সময়ে তাঁদের ব্যবসায়িক প্রবৃদ্ধি হয়। বিশেষ এ প্রচারণা ১১ দিন ধরে চলবে।’
দারাজের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) এ এইচ এম হাসিনুল কুদ্দুস বলেন, ক্রেতা ও বিক্রেতাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে কাজ করছে দারাজ। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রূপান্তরেও প্রয়োজনীয় সুযোগ তৈরিতে কাজ করছে।
২০১২ সালে পাকিস্তানে চালু হয় অনলাইন কেনাকাটার ওয়েবসাইট দারাজ ডটকম। ২০১৮ সালে চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা দারাজ কিনে নেয়। বাংলাদেশের ২০১৪ সালে কার্যক্রম শুরু করে দারাজ।