এআইভিত্তিক প্রতারণার প্রতীকী ছবি
এআইভিত্তিক প্রতারণার প্রতীকী ছবি

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এআইভিত্তিক প্রতারণার ঝুঁকি

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে কৃত্রিম ছবি, অ্যাভাটার, মিম, ম্যাচ পূর্বাভাস বা সামাজিক যোগাযোগমাধ্যমের আধেয় (কনটেন্ট) তৈরির প্রবণতা বেড়েছে। তবে অপরিচিত বা অননুমোদিত এআই সেবা ব্যবহার করলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও অনলাইন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। আর তাই বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি জেনারেটিভ এআই টুল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক এআই প্ল্যাটফর্ম ছবি, সেলফি, ই-মেইল ঠিকানা, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বা অন্যান্য ব্যক্তিগত তথ্য জানতে চায়। কীভাবে সংরক্ষণ বা ব্যবহার করা হবে, তা না জেনে তথ্য শেয়ার করলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। আর তাই অনলাইনে নিরাপদ থাকতে শুধু প্রয়োজনীয় তথ্য বিশ্বস্ত এআই প্ল্যাটফর্মে শেয়ার করার পাশাপাশি এআই প্ল্যাটফর্মগুলোর গোপনীয়তা নীতিমালা সম্পর্কে জানতে হবে। মূল অ্যাকাউন্টের সঙ্গে এআই টুলগুলো যুক্ত করা থেকেও বিরত থাকতে হবে।

ক্যাসপারস্কির ওয়েব কনটেন্ট অ্যানালাইসিস ও প্রাইভেসি বিশেষজ্ঞ আন্না লারকিনা বলেন, এআই দিয়ে তৈরি ফ্যান কনটেন্ট নিরীহ মনে হলেও অনেক সময় ব্যবহারকারীদের প্রয়োজনের চেয়ে বেশি ব্যক্তিগত তথ্য দিতে উৎসাহিত করে। একটি সাধারণ অ্যাভাটার তৈরির জন্যও ছবি, যোগাযোগের তথ্য, অ্যাকাউন্টের তথ্য এবং ব্যবহারসংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করা হতে পারে। বড় আন্তর্জাতিক আয়োজনকে কেন্দ্র করে প্রতারকেরা সক্রিয় হয়ে ওঠে। তাই কোনো এআই সেবা ব্যবহারের আগে সেটি ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করে, তা ভালোভাবে যাচাই করা উচিত।

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এআইভিত্তিক প্রতারণার ঝুঁকি থেকে নিরাপদে থাকতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থাপনা, এআই-সমৃদ্ধ অ্যান্টি-ফিশিং সুবিধাযুক্ত নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার এবং ভ্রমণের সময় পাবলিক ওয়াই-ফাইয়ের পরিবর্তে ই-সিম বা বিশ্বস্ত ভিপিএন ব্যবহারের পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি।