ইন্টারনেট ছাড়া ডিজিটাল কিংবা স্মার্ট কোনো বাংলাদেশই গড়ে উঠবে না
ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অব বাংলাদেশের উদ্যোগে চালু হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এক্সচেঞ্জ ট্রাস্ট (আইএসপিএবি নিক্স)। ২৭ নভেম্বর ঢাকার একটি হোটেলে এর উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
আইএসপিএবি নিক্সের উদ্বোধন করে তিনি বলেন, ‘সভ্যতার চূড়ান্ত মহাসড়ক ইন্টারনেট। এই মহাসড়ক ছাড়া ডিজিটাল কিংবা স্মার্ট কোনো বাংলাদেশই গড়ে উঠবে না। যে স্বপ্নই দেখি না কেন, তা অধরা থাকবে। ভয়েস কল ও ইন্টারনেট টিকবে বা টিকবে কি না, তা ভবিষ্যতের ওপর ছেড়ে দিন। আমরা ডেটাভিত্তিক সভ্যতায় যাচ্ছি। তাই ডেটার মহাসড়ক তৈরি করতে না পারলে ডেটা সভ্যতা গড়ে তোলা সম্ভব হবে না।’
ইন্টারনেট সংযোগদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে মন্ত্রী বলেন, ‘সীমাহীনভাবে কোনো লাইসেন্স চলতে দেওয়া যায় না। গত পাঁচ বছরে আমরা আপনাদের যুক্তিসঙ্গত দাবি পূরণ করেছি। ভবিষ্যতেও জনগণের স্বার্থ সুরক্ষায় আপনাদের সব দাবি মেনে নেওয়া আমাদের দায়িত্ব। আপনাদের সম্মতি ছাড়া আমরা কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করব না।’
অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়্যাম্যান শ্যাম সুন্দর শিকদার বলেন, ২৩০ দেশের মধ্যে ইন্টারনেটের দাম কমের দিক থেকে ৮ নম্বরে বাংলাদেশ। সবার সম্মিলিত চেষ্টাতেই আমরা এক দেশ এক রেট বাস্তবায়ন করেছি। লোকাল কনটেন্ট ব্যবহারে আইএসপিএবি নিক্স দারুণ কাজে লাগবে।’
অনুষ্ঠানে বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ, আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়াসহ অনেকে বক্তৃতা করেন।