কর্টানাকে বলা হলো, বিদায়
কর্টানাকে বলা হলো, বিদায়

বিদায় নিল উইন্ডোজের ভার্চ্যুয়াল সহকারি কর্টানা

মাইক্রোসফটের একসময়ের জনপ্রিয় ভার্চ্যুয়াল সহকারী কর্টানাকে বিদায় জানালো উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এ বিষয়ে মাইক্রোসফট জানিয়েছে, আমরা উইন্ডোজে বেশ কিছু পরিবর্তন আনার জন্য কাজ করছি। আর তাই উইন্ডোজ থেকে কর্টানা অ্যাপ বাদ দেওয়া হয়েছে। ফলে এ মাস থেকেই উইন্ডোজে আর কাজ করবে না কর্টানা। উইন্ডোজে কাজ না করলেও আউটলুক মোবাইল, টিমস মোবাইল, মাইক্রোসফট টিমস ডিসপ্লে এবং মাইক্রোসফট টিমস রুমসে কর্টানার বিভিন্ন সুবিধা আলাদাভাবে ব্যবহার করা যাবে।

২০১৫ সালে কর্টানা চালু করে মাইক্রোসফট। উইন্ডোজের পাশাপাশি অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেম চলা ফোনে কর্টানার সাহায্যে সহজেই তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন অ্যাপ বা সফটওয়্যার চালুসহ যন্ত্রের সেটিংস পরিবর্তন করার সুযোগ মিলত। তবে সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নের ফলে ধীরে ধীরে কর্টানার পরিধি কমিয়ে আনছিল মাইক্রোসফট।

উল্লেখ্য, নিজেদের বিভিন্ন সফটওয়্যারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করতে ‘বিং চ্যাট’ চ্যাটবট ও ‘কোপাইলট’ নামের নতুন প্রযুক্তিসুবিধা তৈরি করেছে মাইক্রোসফট। ওপেন এআইয়ের চ্যাটজিপিটি ৪ প্রযুক্তিতে চলা কোপাইলট কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারীর মতো কাজ করতে পারে। ফলে এটি কাজে লাগিয়ে মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে যেকোনো তথ্য লিখতে পারবেন। পাশাপাশি চাইলেই নিজেদের প্রয়োজনমতো ক্যালেন্ডার, ই-মেইল, চ্যাট, ডকুমেন্টস, মিটিং এবং কন্ট্যাক্টসের বিভিন্ন তথ্য ব্যবহার করা যাবে। ধারণা করা হচ্ছে, ‘বিং চ্যাট’ চ্যাটবট, কোপাইলটসহ নিজেদের বিভিন্ন এআই টুল তৈরির কারণেই পুরোনো প্রযুক্তির কর্টানা অ্যাপ থেকে সমর্থন–সুবিধা প্রত্যাহার করেছে মাইক্রোসফট।