জিমেইল
জিমেইল

জিমেইলের নিরাপত্তা বাড়াতে গুগলের নতুন পরামর্শ

জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করলেই সেটি পুরোপুরি নিরাপদ হয়ে যায় না। কম্পিউটার বা স্মার্টফোনে ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যারের সংক্রমণ ঘটলে পাসওয়ার্ড বদলের পরও ব্যবহারকারীর জিমেইল অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পেতে পারে সাইবার অপরাধীরা। এ ধরনের ঝুঁকি এড়াতে আক্রান্ত যন্ত্র থেকে ম্যালওয়্যার মুছে ফেলার পাশাপাশি অ্যাকাউন্টে যুক্ত অপরিচিত যন্ত্র ও অ্যাপের প্রবেশাধিকার বাতিল করার পরামর্শ দিয়েছে গুগল। গোপনে ব্যবহারকারীদের তথ্য চুরি করতে সক্ষম রেমাস স্টিলার নামের একটি ম্যালওয়্যারের কার্যক্রম নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় এ পরামর্শ দিল প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম সাইবারনিউজকে গুগলের এক মুখপাত্র জানান, ব্যক্তিগত যন্ত্র থেকে সেশন টোকেন চুরি করে সাইবার হামলা চালানোর ঘটনা নতুন নয়। তবে এখানে জিমেইল বা গুগলের কোনো নিরাপত্তাত্রুটি নেই। সেশন টোকেন হলো একধরনের ডিজিটাল পরিচয়পত্র, যা প্রতিবার পাসওয়ার্ড না দিয়েই ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে। আর তাই জিমেইল ব্যবহারকারীদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গুগলের মতে, ম্যালওয়্যারে আক্রান্ত যন্ত্র থেকে পাসওয়ার্ড পরিবর্তন করার সময়ও নতুন সেশন টোকেন চুরি হতে পারে। ফলে পাসওয়ার্ড বদলের পরও সাইবার অপরাধীরা অ্যাকাউন্টে প্রবেশের সুযোগ পায়। তবে রেমাস স্টিলার ম্যালওয়্যার নির্মাতাদের দাবি, অ্যাকাউন্ট পুনরুদ্ধারের সব প্রক্রিয়া সম্পন্ন করলেও জিমেইল ইনবক্সে প্রবেশ করা সম্ভব। তবে সাইবার নিরাপত্তা গবেষকেরা এখন পর্যন্ত এ দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাননি।

গুগলের পরামর্শ অনুযায়ী, প্রথমেই আক্রান্ত যন্ত্র থেকে ম্যালওয়্যার পুরোপুরি সরিয়ে ফেলতে হবে। এরপর অন্য একটি নিরাপদ যন্ত্র থেকে দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন ও অ্যাকাউন্টের নিরাপত্তা যাচাই করে গুগলের ডিভাইস ম্যানেজমেন্ট পেজ থেকে কোন কোন যন্ত্রে জিমেইল অ্যাকাউন্ট চালু রয়েছে, তা পরীক্ষা করতে হবে। তালিকায় অপরিচিত কোনো যন্ত্রের নাম দেখা গেলে সেটি থেকে অ্যাকাউন্ট সাইন আউট করতে হবে। শুধু তা–ই নয়, অনলাইনে নিরাপত্তা জোরদার করতে ক্রোম ব্রাউজারে ‘এনহ্যান্সড সেফ ব্রাউজিং’ সুবিধাও চালু রাখতে হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া