এক্স
এক্স

এক্স কমিউনিটিজে হ্যাশট্যাগ পিন করে রাখা যাবে

খুদে ব্লগ লেখার ওয়েবসাইট এক্সের (সাবেক টুইটার) এক্স কমিউনিটিজে হ্যাশট্যাগ পিন করে রাখার নতুন একটি সুবিধা যুক্ত হতে যাচ্ছে। এ সুবিধার ফলে কমিউনিটিজে থাকা বিভিন্ন পোস্ট বিষয় অনুসারে সাজানো থাকবে এবং খুঁজে পাওয়া যাবে।

নতুন এই সুবিধা চালু হলে কমিউনিটিজ অ্যাডমিন বা প্রশাসকেরা সবচেয়ে গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ (#) চিহ্নিত করে সেগুলো পিন করে রাখতে পারবেন। পরবর্তী সময়ে ব্যবহারকারীরা কমিউনিটিজে এসে এসব হ্যাশট্যাগে ট্যাপ করলেই খুব সহজে সেই হ্যাশট্যাগের প্রাসঙ্গিক পোস্ট দেখতে পারবেন। কমিউনিটিজে এখনো হ্যাশট্যাগ সুবিধা চালু রয়েছে। এখন সাধারণত সবচেয়ে জনপ্রিয় হ্যাশট্যাগগুলো স্বয়ংক্রিয়ভাবে ওপরে দেখা যায়। এখান থেকে ব্যবহারকারীরা সবচেয়ে জনপ্রিয় থেকে শুরু করে কম জনপ্রিয় হ্যাশট্যাগ দেখতে পারেন।

হ্যাশট্যাগ পিন করার নতুন সুবিধা চালু হলে স্বয়ংক্রিয়ভাবে হ্যাশট্যাগ প্রদর্শনের বদলে কমিউনিটিজ অ্যাডমিন বা প্রশাসকেরা হ্যাশট্যাগ প্রদর্শন নিয়ন্ত্রণ করতে পারবেন। গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ চিহ্নিত করার পর সেটি পিন করে কমিউনিটিজ প্রশাসক কমিউনিটিজে থাকা পোস্টকে সাজাতে পারবেন। ওপরে প্রদর্শিত হ্যাশট্যাগ পিনে ট্যাপ করলেই তখন এ–সংক্রান্ত কমিউনিটিজ পোস্ট দেখা যাবে। তবে কবে নাগাদ এই সুবিধা উন্মুক্ত হবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

এদিকে সম্প্রতি এক্সে বার্তা বা ছবি প্রকাশের (পোস্ট) পাশাপাশি অডিও-ভিডিও কল করার সুবিধা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। প্রথম ধাপে আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন। শিগগিরই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে এক্স। প্রাথমিকভাবে শুধু অর্থের বিনিময়ে এক্স ব্যবহারকারীরা অডিও-ভিডিও কল করতে পারবেন। কল করতে না পারলেও সাধারণ ব্যবহারকারীরা অন্যদের কল গ্রহণ করে কথা বলতে পারবেন।
সূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি