
যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানের প্রতি আস্থা কমছে ইউরোপে বসবাসকারীদের। আর তাই নিজেদের তথ্য স্থানীয়ভাবে সংরক্ষণ এবং বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমাতে কয়েক বছর ধরেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে ইউরোপের বিভিন্ন দেশ। গত মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পলিটিকোর এক জরিপে দেখা গেছে, ইউরোপের প্রতি ১০ জনের মধ্যে ৮ জনের বেশি মানুষ তাদের ব্যক্তিগত তথ্য যুক্তরাষ্ট্র বা চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর কাছে থাকাকে নিরাপদ মনে করেন না। স্পেন, জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড এবং বেলজিয়ামের ৬ হাজার ৬৯৮ জন নাগরিকের ওপর এই জরিপ চালানো হয়।
জরিপে দেখা গেছে, ইউরোপের প্রায় ৮৪ শতাংশ মানুষ তাদের ব্যক্তিগত তথ্য দায়িত্বশীলভাবে পরিচালনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখেন না। চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের আস্থার সংকট আরও প্রকট। ইউরোপে বসবাসকারীদের ৯৩ শতাংশই মনে করেন চীনের প্রতিষ্ঠানগুলো তথ্যের সুরক্ষায় দায়িত্বশীল নয়। অন্যদিকে ইউরোপে অবস্থিত প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা রয়েছে ৫১ শতাংশ ব্যক্তির।
দেশভিত্তিক ফলাফলে দেখা গেছে, জার্মানির ৯১ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের এবং ৯৮ শতাংশ মানুষ চীনের প্রতিষ্ঠানকে বিশ্বাস করেন না। তবে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতি তুলনামূলক বেশি আস্থা রয়েছে পোল্যান্ডের মানুষের। দেশটির ৩৮ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্র ও ২০ শতাংশ মানুষ চীনের প্রতিষ্ঠানের ওপর আস্থা রাখেন। ইউরোপের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি সবচেয়ে বেশি আস্থা রয়েছে বেলজিয়ামের মানুষদের। দেশটির ৫৯ শতাংশ মানুষই বিশ্বাস করেন ইউরোপের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।
ইউরোপীয় ইউনিয়নের জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন বা জিডিপিআর অনুযায়ী ইউরোপে বসবাসকারীদের তথ্য প্রক্রিয়া করা যেকোনো প্রতিষ্ঠানকে কঠোর গোপনীয়তা নীতি মেনে চলতে হয়। তবে যুক্তরাষ্ট্র ও চীনের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের অধীনে সংশ্লিষ্ট দেশের বিভিন্ন কর্তৃপক্ষ নিজ দেশের যেকোনো প্রতিষ্ঠানের কাছে ব্যবহারকারীদের তথ্য চাইতে পারে। এই ঝুঁকি ইউরোপের আদালত এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে।
ডিজিটাল নীতিনির্ধারণ এবং পারস্পরিক আস্থার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার দূরত্ব ক্রমেই বাড়ছে। এ বিষয়ে আটলান্টিক কাউন্সিলের সিনিয়র রেসিডেন্ট ফেলো মার্ক স্কট বলেন, ইউরোপের ব্রাসেলস এবং ওয়াশিংটন এখন আর মুক্ত বাণিজ্য, ন্যাটো বা বাক্স্বাধীনতার মতো মৌলিক বিষয়গুলোতে একমত হতে পারছে না।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ২০২৪ সালে পুনরায় দায়িত্ব নেওয়ার পর থেকে ডিজিটাল সার্বভৌমত্বের ওপর জোর দিয়ে আসছেন। গত জুন মাসে ব্রাসেলস ইউরোপিয়ান টেকনোলজিক্যাল সভরেনটি প্যাকেজ ঘোষণা করেছে। এর লক্ষ্য হলো ইউরোপের ভেতরেই উন্নত সেমিকন্ডাক্টর এবং এআই অবকাঠামো তৈরি করা। উরসুলা ভন ডার লেন স্পষ্ট ভাষায় জানান, হাসপাতাল সচল রাখা, বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল রাখা এবং সেবাগুলো নিরাপদ রাখার প্রযুক্তির জন্য আমরা অন্যদের ওপর নির্ভর করতে পারি না।
তবে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানের ওপর ইউরোপের দেশগুলোর নির্ভরতা রয়েই গেছে। ইউরোপের সরকারি নীতিমালা থেকে শুরু করে স্বাস্থ্য ও করের নথিও বর্তমানে মাইক্রোসফট বা অ্যামাজনের সার্ভারে সংরক্ষণ করা রয়েছে। তবে অস্ট্রিয়ার সামরিক বাহিনী মাইক্রোসফট বর্জন করে ইউরোপের ওপেনসোর্সনির্ভর বিভিন্ন সেবা ব্যবহার করছে। শুধু তা–ই নয়, ডেনমার্কের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ দেশটির স্কুলগুলোতে গুগল ল্যাপটপ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।
সূত্র: পলিটিকো, টেক পলিসি প্রেস এবং দ্য গার্ডিয়ান