
গত সপ্তাহে ‘অ্যাপল ওয়াচ সিরিজ ১২’ ও ‘অ্যাপল ওয়াচ আলট্রা ৪’ মডেলের নতুন দুটি স্মার্ট ঘড়ি উন্মোচন করেছে অ্যাপল। দুটি মডেলের স্মার্ট ঘড়িতেই স্বাস্থ্য ও ফিটনেস–সংক্রান্ত বিভিন্ন সুবিধার পাশাপাশি যুক্ত করা হয়েছে ‘অডিও ইন্টেলিজেন্স’ নামের নতুন প্রযুক্তি। এ প্রযুক্তির আওতায় ‘সিরি রিক্যাপস’ নামের একটি সুবিধা অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের কথোপকথন শুনে মনে রাখতে পারে। তাই সুবিধাটি সার্বক্ষণিক ব্যবহারকারীদের কথা শুনবে বলে আশঙ্কা করছেন অনেকেই।
অ্যাপল জানিয়েছে, অডিও ইন্টেলিজেন্স সুবিধাটি ব্যবহারকারীদের পাশাপাশি আশপাশের মানুষের গোপনীয়তার বিষয়টি বিবেচনায় রেখেই তৈরি করা হয়েছে। এর অডিও ইন্টেলিজেন্স কোনো অডিও সংরক্ষণ করে না। অ্যাপল ওয়াচ সিরিজ ১২–এর এস১১ চিপে থাকা ‘সিকিউর এক্সক্লেভ’ নামের আলাদা হার্ডওয়্যার অংশে অডিও প্রক্রিয়াজাত করা হয়। প্রক্রিয়া শেষ হলে ধারণ করা অডিও তৎক্ষণাৎ মুছে ফেলা হয়। ফলে অ্যাপল, অপারেটিং সিস্টেম, কোনো অ্যাপ বা ব্যবহারকারীও ধারণ করা অডিও শুনতে পারবেন না। সিরি রিক্যাপসও সব সময় চালু থাকে না। ব্যবহারকারীরা চালু করলেই কেবল সুবিধাটি কাজ করবে। ফলে নির্দিষ্ট সময় বা অবস্থানের ভিত্তিতে সুবিধাটি চালু রাখা যাবে। আবার প্রয়োজন শেষে যেকোনো সময় বন্ধ করা যাবে।
অ্যাপলের তথ্যমতে, সিরি রিক্যাপস চালু করলে অ্যাপল ওয়াচের মাইক্রোফোনের মাধ্যমে কথোপকথনের অডিও প্রক্রিয়াজাত করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার সংক্ষিপ্ত সারাংশ তৈরি করা হবে। কথোপকথন শেষ হওয়ার পর সিরি অ্যাপে সেই আলোচনার একটি শিরোনাম ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখানো হবে। ফলে ব্যবহারকারী পরে গুরুত্বপূর্ণ কোনো কথা বা আলোচনার বিষয় সহজে মনে করতে পারবেন। নিয়মিত সভায় অংশ নিতে হয় এমন ব্যক্তিদের জন্য সুবিধাটি বেশ কার্যকর হতে পারে। সভার সময় আলাদা করে নোট নেওয়ার পরিবর্তে পরে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে নেওয়া যাবে।
সিরি রিক্যাপস মূলত কথোপকথনের বিস্তারিত তথ্যের বদলে আলোচনার মূল বিষয়গুলো সংক্ষেপে তুলে ধরবে। অ্যাপলের দাবি, আর্থিক তথ্য, সরকারি পরিচয়পত্রের তথ্য, ভেরিফিকেশন–সংক্রান্ত তথ্যসহ কিছু সংবেদনশীল তথ্য সারাংশ থেকে বাদ দেওয়ার জন্য প্রযুক্তিটি তৈরি করা হয়েছে। এ ছাড়া কার কথা কে বলেছেন, তা আলাদাভাবে শনাক্ত বা উল্লেখ করা হয় না।
অডিও ইন্টেলিজেন্সের আরেকটি সুবিধা হচ্ছে ‘লাইভ রিওয়াইন্ড’। অ্যাপল ওয়াচের ডিজিটাল ক্রাউনে দুবার চাপ দিলে আগের ১৫ সেকেন্ডের কথোপকথনের একটি ছোট লিখিত অংশ দেখা যাবে। ফলে কথোপকথনের কোনো অংশ ঠিকমতো শোনা না হলে সেটি আবার শোনার সুযোগ মিলবে। লাইভ রিওয়াইন্ড চালু হলে আশপাশের মানুষকে শব্দের মাধ্যমে সতর্ক করা হবে। একই সঙ্গে অ্যাপল ওয়াচের পর্দায় অ্যানিমেশন ও মাইক্রোফোনের নির্দেশক দেখা যাবে।
সূত্র: টেকরাডার