
বাংলাদেশের স্মার্টফোন বাজারে একত্র হলো প্রযুক্তি ব্র্যান্ড স্যামসাং এবং দেশের পরিবেশন প্রতিষ্ঠান এসইবিএল (ডিএক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান)। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জমকালো ‘পার্টনার মিট’ অনুষ্ঠানের মাধ্যমে স্যামসাংয়ের অফিশিয়াল পরিবেশক (ডিস্ট্রিবিউটর) হিসেবে এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেডের নাম ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে বাংলাদেশে স্যামসাংয়ের সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন ‘গ্যালাক্সি এম০৬’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএক্স গ্রুপ।
এআই প্রযুক্তি, উচ্চগতির ইন্টারনেট এবং অনলাইন গেমিংয়ের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে ডিএক্স গ্রুপ বাজারে এনেছে স্যামসাংয়ের এম০৬ (৫জি)। যন্ত্রটির মূল আকর্ষণ হলো ৮০০ নিটস সুপার ব্রাইট ডিসপ্লে, যা কড়া রোদে ব্যবহার করলেও পর্দা ঝাপসা দেখাবে না। স্মার্টফোনটিতে আছে ৫০+২ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাশ্রয়ী দামের ফোন হলেও এতে রয়েছে শক্তিশালী ৫জি চিপসেট। এর ফলে হাই-ডেফিনিশন মুভি ডাউনলোড, বাফারিংমুক্ত ৪কে ভিডিও স্ট্রিমিং এবং ল্যাগ-ফ্রি অনলাইন গেমিংয়ের অভিজ্ঞতা পাওয়া যাবে। চার্জিং ব্যাকআপ হিসেবে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং। এটি হাত থেকে পড়ে গেলেও বড় ধরনের ক্ষতির ঝুঁকি অনেকখানি কমিয়ে দেবে।
এসইবিএল ডিস্ট্রিবিউশন লিমিটেড ১৫ বছর ধরে বাংলাদেশের ডিজিটাল যন্ত্রের বাজারে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে আসছে। স্যামসাংয়ের সঙ্গে এই নতুন অংশীদারত্ব বাংলাদেশের বাজারে একটি নতুন মাইলফলক স্থাপন করবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদী। অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিকসের এমএক্স বিজনেস এক্সপার্ট ডংহি রি, পরিচালক ও হেড অব বিজনেস মাসুদুল হক ভূঁইয়া, মহাব্যবস্থাপক (ম্যানুফ্যাকচারিং অপারেশন) শফিকুল ইসলাম, ব্যবস্থাপক (বি-টু-সি সেলস) এস এম পারভেজ ইমরান ও শাহ মোহাম্মদ হামীম এবং ডিএক্স গ্রুপের চেয়ারম্যান ডি এম মজিবর রহমান, প্রতিষ্ঠাতা ও সিইও দেওয়ান কানন, ডিরেক্টর অব সেলস মুজাহিদুল ইসলাম, সায়েদিস সাকলাইন, চিফ ম্যানুফাকচারিং অ্যান্ড প্রোডাক্ট অফিসার আরিফুর রহমান ও চিফ ফাইন্যান্স অফিসার নুরনবি ভূঁইয়া উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাসুদুল হক ভূঁইয়া বলেন, স্যামসাং সব সময়ই গ্রাহকদের অভিজ্ঞতাকে প্রাধান্য দেয়। এসইবিএলের বিশাল পরিবেশন দক্ষতা আমাদের সেই লক্ষ্য পূরণে এক নতুন মাত্রা যোগ করবে।
দেওয়ান কানন বলেন, ‘স্যামসাং ও এসইবিএলের এই নতুন অংশীদারত্ব বাংলাদেশের স্মার্টফোন বাজারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা বিশ্বাস করি, স্যামসাংয়ের বিশ্বমানের প্রযুক্তির সঙ্গে ডিএক্স গ্রুপের দক্ষ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ও গ্রাহককেন্দ্রিক সেবার সমন্বয় বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা বয়ে আনবে। স্যামসাং এম০৬ (৫জি) মডেলটি বাজারে নিয়ে আসার মাধ্যমে আমরা সেই গ্রাহকদের কাছে পৌঁছাতে চাই।’
আগামী দুই-তিন দিনের মধ্যে পুরো দেশে স্যামসাংয়ের নতুন ফোনটি পাওয়া যাবে।