আইটেল এয়ার কন্ডিশনার
আইটেল এয়ার কন্ডিশনার

সর্বোচ্চ ৭০ শতাংশ বিদ্যুৎ–সাশ্রয়ী এয়ার কন্ডিশনার আনছে আইটেল

বাংলাদেশের আবহাওয়া উপযোগী এয়ার কন্ডিশনার (এসি) বাজারে আনার ঘোষণা দিয়েছে আইটেল। দেশে তৈরি ডিসি ইনভার্টার এয়ার কন্ডিশনারটি সর্বোচ্চ ৭০ শতাংশ বিদ্যুৎ–সাশ্রয়ী করতে পারে। ফলে দৈনন্দিন ব্যবহারে কম বিদ্যুৎ খরচ হয়। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এয়ার কন্ডিশনার তৈরির মাধ্যমে স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসের গণ্ডি পেরিয়ে কনজ্যুমার ইলেকট্রনিকস খাতে প্রবেশ করেছে আইটেল। এয়ার কন্ডিশনারটিতে ব্যবহার করা হয়েছে ডিসি ইনভার্টার প্রযুক্তি, যা প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসরের গতি নিয়ন্ত্রণ করতে পারে। ফলে কম্প্রেসর বারবার চালু বা বন্ধ না হওয়ায় বিদ্যুৎ খরচ কম হয়।

এয়ার কন্ডিশনারটিতে আরও রয়েছে ট্রিপল ভোল্টেজ কেয়ার প্রযুক্তি, যার ফলে বিদ্যুতের ভোল্টেজ হঠাৎ ওঠানামা করলেও চালু থাকে। পাশাপাশি অভ্যন্তরীণ বৈদ্যুতিক যন্ত্রাংশও নষ্ট হয় না। এয়ার কন্ডিশনারটি কিনলে ১২ বছর কম্প্রেসর ও পাঁচ বছর বিভিন্ন যন্ত্রাংশে বিক্রয়োত্তর সেবাসহ পাঁচ বছর বিনা মূল্যে মেরামত সুবিধা পাওয়া যাবে। আগস্টের শেষ নাগাদ বাজারে আসতে যাওয়া এয়ার কন্ডিশনারটি কেনার জন্য আইটেলের বিভিন্ন বিক্রয়কেন্দ্রে আগাম ফরমাশ দেওয়া যাবে।

আইটেলের ওভারসিজ জেনারেল ম্যানেজার ডনসিয়ন বলেন, বাংলাদেশের আবহাওয়া, বিদ্যুৎ পরিস্থিতি ও গ্রাহকদের চাহিদা বিবেচনায় রেখেই এয়ার কন্ডিশনারটি তৈরি করা হয়েছে, যাতে আরও বেশি পরিবার কম খরচে নির্ভরযোগ্য ও বিদ্যুৎ-সাশ্রয়ী এয়ার কন্ডিশনার ব্যবহার করতে পারে।