মেটার স্মার্টগ্লাস
মেটার স্মার্টগ্লাস

আশপাশে স্মার্ট চশমা থাকলে সতর্কবার্তা দেবে এই অ্যাপ

স্মার্ট চশমার ব্যবহার দ্রুত বাড়ছে। তবে প্রযুক্তিটির বিস্তারের সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগও বাড়ছে। কারণ, বাইরে থেকে বোঝা কঠিন কেউ সাধারণ চশমা পরেছেন, নাকি ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা ব্যবহার করছেন। অথচ এ ধরনের যন্ত্রের মাধ্যমে সহজেই ভিডিও ধারণ বা ছবি তোলা সম্ভব। এর ফলে অন্যের অজান্তেই ব্যক্তিগত মুহূর্ত ধারণের ঝুঁকি তৈরি করতে পারে এটি। এই প্রেক্ষাপটে ‘নিয়ারবাই গ্লাসেস’ নামের একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি হয়েছে। অ্যাপটির নির্মাতার দাবি, আশপাশে কেউ স্মার্ট চশমা ব্যবহার করলে সেটি শনাক্ত করে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেবে এই অ্যাপ। এর ফলে কাছাকাছি ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা থাকলে ব্যবহারকারীরা আগে থেকেই বিষয়টি সম্পর্কে ধারণা পেতে পারেন।

স্মার্ট চশমা নিয়ে গোপন নজরদারি বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা নতুন নয়। বিশেষ করে মেটার তৈরি রে–ব্যান স্মার্ট চশমা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক দেখা গেছে। অভিযোগ রয়েছে, এ ধরনের চশমা ব্যবহার করে কখনো কখনো মানুষের অজান্তেই ভিডিও ধারণ বা নজরদারির ঘটনা ঘটেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, এমন উদ্বেগ থেকেই ‘নিয়ারবাই গ্লাসেস’ অ্যাপ তৈরির ধারণা এসেছে। অ্যাপটির নির্মাতা ইভ জঁরেনো মনে করেন, স্মার্ট চশমার মতো প্রযুক্তি মানুষের গোপনীয়তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের চশমা একসময় ‘ভয়ংকর প্রযুক্তি’ হয়ে উঠতে পারে।

এদিকে মেটার রে–ব্যান স্মার্ট চশমা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, কেনিয়ায় কর্মরত প্রযুক্তিকর্মীরা মেটার কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট চশমা দিয়ে ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছেন।

সুইডেনের একটি সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই কর্মীদের কেউ কেউ দাবি করেছেন, ভিডিওগুলোর মধ্যে এমন দৃশ্যও রয়েছে, যেখানে মানুষ টয়লেটে যাচ্ছেন, পোশাক খুলছেন কিংবা একান্ত ব্যক্তিগত মুহূর্তে রয়েছেন। প্রতিবেদনে এক কর্মীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘কিছু ভিডিওতে দেখা যায়, কেউ টয়লেটে যাচ্ছে নবা পোশাক খুলছেন। আমার মনে হয় না, তাঁরা জানেন যে এসব দৃশ্য ধারণ করা হচ্ছে। জানলে নিশ্চয়ই তাঁরা এমনভাবে ভিডিও ধারণ করতেন না।’

জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল প্রশিক্ষণের জন্য তথ্য চিহ্নিতকরণের অংশ হিসেবে এসব ভিডিও পর্যালোচনা করা হচ্ছে।

নিয়ারবাই গ্লাসেস নামের অ্যাপটির নির্মাতা ইভ জঁরেনোর মতে, ‘নিয়ারবাই গ্লাসেস’ অ্যাপটি ব্যবহারকারীদের কিছুটা হলেও সচেতন থাকতে সহায়তা করতে পারে। কারণ, অনেক সময় বোঝা যায় না, কেউ সাধারণ চশমা পরেছেন নাকি ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা ব্যবহার করছেন। এই অনিশ্চয়তা কমাতেই অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি মূলত ব্লুটুথ সংকেত শনাক্ত করে আশপাশে থাকা স্মার্ট চশমা খুঁজে বের করার চেষ্টা করবে। মেটা বা স্ন্যাপের তৈরি স্মার্ট চশমা থেকে নির্দিষ্ট ধরনের ব্লুটুথ সংকেত নির্গত হয়। সেই সংকেত শনাক্ত করতে পারলে ব্যবহারকারীর ফোনে সতর্কবার্তা পাঠাবে অ্যাপটি। তবে অ্যাপটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। নির্মাতার তথ্য অনুযায়ী, কখনো কখনো এটি ভুল সতর্কবার্তাও দিতে পারে। কারণ, ব্লুটুথ সংকেত শনাক্ত করার সময় স্মার্ট চশমা ছাড়া মেটার অন্য কোনো যন্ত্রকেও অ্যাপটি ভুলভাবে শনাক্ত করতে পারে।

সূত্র: নাইনটুফাইভ ডটকম