এমডব্লিউসিতে অনারের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা লি জেমস ও মানবাকৃতি রোবট
এমডব্লিউসিতে অনারের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা লি জেমস ও মানবাকৃতি রোবট

এমডব্লিউসি ২০২৬ শুরু: অনারের রোবট ফোন, লেনোভোর মডিউলার ল্যাপটপ ও শাওমির নতুন প্রযুক্তি

স্পেনের বার্সেলোনায় শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬। গতকাল ২ মার্চ শুরু হওয়া এ আয়োজন চলবে ৫ মার্চ পর্যন্ত। জিএসএমএ আয়োজিত এই আন্তর্জাতিক প্রযুক্তিমেলায় বিশ্বের শীর্ষ যন্ত্র নির্মাতা, টেলিযোগাযোগ অপারেটর, চিপ প্রস্তুতকারক ও সফটওয়্যার প্রতিষ্ঠানগুলো নতুন পণ্য উন্মোচন, উদ্ভাবনী প্রযুক্তির প্রদর্শন ও প্রযুক্তি খাতের ভবিষ্যৎ প্রবণতা নিয়ে আলোচনা করছে।

আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই লেনোভো, শাওমি ও অনারসহ কয়েকটি প্রতিষ্ঠান নতুন পণ্য ও যন্ত্রের ধারণার ঘোষণা দিয়ে প্রযুক্তি অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। এবারের আয়োজন ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা, ভাঁজযোগ্য পর্দা, মডিউলার নকশা এবং স্মার্ট সংযুক্তি বিশেষ গুরুত্ব পেয়েছে।

অনারের রোবট ও রোবট ফোন

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক হার্ডওয়্যার নির্মাতা হিসেবে নিজেদের অবস্থান জোরদার করার লক্ষ্যে অনার দুটি নতুন যন্ত্র উন্মোচন করেছে। একটি মানবাকৃতি রোবট এবং একটি রোবোটিক স্মার্টফোন।

মানবাকৃতি রোবট: অনারের তৈরি হিউম্যানয়েড বা মানবাকৃতি রোবটটি রিমোট কন্ট্রোল অঙ্গভঙ্গি ও ভঙ্গিমা প্রদর্শনে সক্ষম। তবে এর কারিগরি বৈশিষ্ট্য, মূল্য কিংবা বাণিজ্যিক উৎপাদন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। গ্রাহকসেবামূলক কাজে এটি ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অনার রোবট ফোন: এ ফোনের শীর্ষভাগে সংযুক্ত রয়েছে রোবোটিক আর্ম বা বাহু। এর সঙ্গে বসানো হয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। বাহুটি ব্যবহারকারীর কণ্ঠনির্দেশ ও অঙ্গভঙ্গি শনাক্ত করে সাড়া দিতে পারে। ভিডিও ধারণের সময় ক্যামেরা নড়াচড়া করতে সক্ষম এবং সংগীতের তালে প্রতিক্রিয়া জানানোর সুবিধাও রয়েছে। অনারের দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় যন্ত্রটি বিষয়বস্তু অনুসরণ ও ব্যবহারকারীর গতিবিধি বিশ্লেষণ করতে পারে। বাহুতে ব্যবহৃত তিনটি মাইক্রো মোটর প্রচলিত মোটরের তুলনায় ৭০ শতাংশ ছোট বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

লেনোভোর লেজিয়ন গো ফোল্ড

লেনোভো

লেনোভো একাধিক নমুনা যন্ত্র প্রদর্শন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এগুলো এখনো বাণিজ্যিক উৎপাদনের জন্য চূড়ান্ত নয় এবং বাজারে ছাড়ার সময়সূচি নির্ধারিত হয়নি। এগুলোর মধ্য আছে

থিঙ্কবুক মডিউলার এআই পিসি কনসেপ্ট: এই ল্যাপটপের বিশেষত্ব হলো, ব্যবহারকারী প্রয়োজনে এর বিভিন্ন অংশ খুলে নতুনভাবে সাজাতে পারেন। সেকেন্ডারি ডিসপ্লেটি আলাদা মনিটর হিসেবে ব্যবহার করা যায়। আবার মূল পর্দার পেছনেও সংযুক্ত করা সম্ভব। এ ছাড়া প্রচলিত এইচডিএমআই সংযোগপোর্ট খুলে অন্য ধরনের সংযোগব্যবস্থা যুক্ত করার সুবিধাও রাখা হয়েছে।

লেজিয়ন গো ফোল্ড কনসেপ্ট: গেমিংকেন্দ্রিক একটি ভাঁজযোগ্য যন্ত্র। এর নমনীয় পর্দা ৭ দশমিক ৭ ইঞ্চি থেকে ১১ দশমিক ৬ ইঞ্চি পর্যন্ত বিস্তৃত করা যায়। দুটি নিয়ন্ত্রণযন্ত্র আলাদা করা যায় এবং পর্দাটি অনুভূমিক ও উল্লম্ব দুইভাবেই ব্যবহারযোগ্য। উল্লম্বভাবে ব্যবহারের ক্ষেত্রে পর্দার একাংশে গেম খেলার পাশাপাশি অন্য অংশে ভিডিও দেখা বা সরাসরি সম্প্রচার দেখার সুযোগ রয়েছে।

এআই ওয়ার্ক কম্প্যানিয়ন: ডেস্ক ঘড়ির আদলে তৈরি এআই ওয়ার্ক কম্প্যানিয়ন যন্ত্রে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সহকারী। এক স্পর্শে একাধিক যন্ত্রের কাজ ও সময়সূচি সমন্বয় করা যায়। পাশাপাশি এটি ব্যবহারকারীর পর্দা ব্যবহারের সময় বিশ্লেষণ করে প্রয়োজনীয় বিরতির পরামর্শ দেয়, যাতে দীর্ঘ সময় কাজজনিত ক্লান্তি কমানো সম্ভব হয়।

শাওমি

‘হাউস অব শাওমি’ শিরোনামে এবারের এমডব্লিউসিতে একাধিক নতুন পণ্য প্রদর্শনের ঘোষণা দিয়েছে শাওমি। উন্নত ছবি তোলার সুবিধাসম্পন্ন স্মার্টফোন থেকে শুরু করে ট্র্যাকিং যন্ত্র ও বৈদ্যুতিক যানসহ তালিকায় রয়েছে নানা ধরনের পণ্য।

লাইকা লেইটসফোন: লাইকার ১০০ বছর পূর্তি উপলক্ষে লাইকা লেইটসফোন বিশেষ সংস্করণ উন্মোচনের কথা জানিয়েছে শাওমি। অ্যালুমিনিয়াম অ্যালয় বডি ও নিকেল অ্যানোডাইজড আবরণযুক্ত এই স্মার্টফোনের পেছনে যুক্ত করা হয়েছে রোটেটিং রিং, যা ক্যামেরার জুম রিংয়ের মতো ব্যবহার করা যাবে। মোবাইল আলোকচিত্রে পেশাদার ক্যামেরার অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই এ নকশা করা হয়েছে।

শাওমি স্কুটার ৬ আল্ট্রা: মডেলের বৈদ্যুতিক স্কুটারে সর্বোচ্চ ১২০০ ওয়াট শক্তি এবং একবার চার্জে ৭৫ কিলোমিটার চলার সক্ষমতার দাবি করা হয়েছে। এতে ১২ ইঞ্চির অল টেরেইন টায়ার, সামনে ও পেছনে ডিস্ক ব্রেক এবং গতি ও দূরত্ব দেখার জন্য তিন ইঞ্চির টিএফটি পর্দা রয়েছে।

শাওমির লাইকা লেইটসফোন

শাওমি ট্যাগ: এয়ারট্যাগ ধাঁচের শাওমি ট্যাগ ট্র্যাকার অ্যাপলের ‘ফাইন্ড মাই’ ও গুগলের ‘অ্যান্ড্রয়েড ফাইন্ড হাব’ উভয় প্ল্যাটফর্মে কাজ করে। ১০ গ্রাম ওজনের এ যন্ত্রে বাটন সেল ব্যাটারি রয়েছে। যা এক বছরের বেশি সময় স্থায়ী হতে পারে। দূর থেকে শব্দ বাজিয়ে অবস্থান নির্ণয়ের পাশাপাশি সংযুক্তির সময়সংক্রান্ত তথ্যও জানা যায়।

পাওয়ার ব্যাংক: মাত্র ৬ মিলিমিটার পুরু ও ৯৮ গ্রাম ওজনের একটি ম্যাগনেটিক পাওয়ার ব্যাংকও প্রদর্শন করছে শাওমি। এর ধারণক্ষমতা ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। তারযুক্ত সংযোগে ২২ দশমিক ৫ ওয়াট এবং তারবিহীনভাবে ১৫ ওয়াট গতিতে চার্জ দেওয়া যায়। উপযুক্ত ডিভাইসের সঙ্গে লেগে থেকে তার ছাড়াই চার্জ দেওয়ার সুবিধা রয়েছে।

ইলেকট্রিক হাইপারকার: ‘শাওমি ভিশন গ্রান তুরিসমো’ নামের একটি কনসেপ্ট ইলেক্ট্রিক হাইপারকার প্রদর্শন করা হচ্ছে। জনপ্রিয় রেসিং গেম ‘গ্রান তুরিসমো ৭’ এবং সনি এন্টারটেইনমেন্টের সহযোগী প্রতিষ্ঠান পলিফোনি ডিজিটালের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করা হচ্ছে। এতে ‘শাওমি পালস’ নামের একটি ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে, যা আলো ও শব্দের মাধ্যমে চালকের সঙ্গে যোগাযোগ করে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস