ক্রোম ব্রাউজার
ক্রোম ব্রাউজার

ক্রোম ব্রাউজারে একাধিক নতুন সুবিধা যুক্ত করল গুগল

ক্রোম ব্রাউজারে স্প্লিট ভিউ, পিডিএফে পাদটীকা লেখার পাশাপাশি পিডিএফ সরাসরি গুগল ড্রাইভে সংরক্ষণের সুযোগ যুক্ত করেছে গুগল। এত দিন ফাঁস হওয়া বিভিন্ন তথ্য ও পরীক্ষামূলক সংস্করণে এসব সুবিধা যুক্তের আভাস মিললেও এবার সেগুলো আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা যাবে। গুগলের তথ্যমতে, ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণে এসব সুবিধা যুক্ত করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব ব্যবহারকারী সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন।

দীর্ঘদিন ধরেই মাইক্রোসফট এজ, অপেরা, ভিভালডি ও আর্ক ব্রাউজারে একই ব্রাউজার উইন্ডোর মধ্যে পাশাপাশি দুটি ওয়েবপেজ স্বয়ংক্রিয়ভাবে দেখা যায়। তবে ক্রোম ব্রাউজারে এত দিন এ সুবিধা পেতে আলাদা উইন্ডো খুলতে হতো বা তৃতীয় পক্ষের এক্সটেনশনের ওপর নির্ভর করতে হতো। নতুন সুবিধা চালু ফলে কোনো ট্যাবে মাউসের ডান বোতামে ক্লিক করে ‘স্প্লিট ভিউ’ নির্বাচন করলেই একই উইন্ডোর মধ্যে দুটি ট্যাব পাশাপাশি দেখা যাবে। ফলে একাধিক ওয়েবসাইটের তথ্য তুলনা, গবেষণা বা একসঙ্গে একাধিক কাজ করা যাবে।

ক্রোমে পিডিএফ ফাইল দেখা গেলেও তাতে দাগ টানা, হাইলাইট করা বা মন্তব্য যোগ করতে হলে ফাইলটি আগে ডাউনলোড করতে হয়। ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণে কোনো পিডিএফ খুললে ওপরের টুলবারে স্ক্রিবল চিহ্নযুক্ত একটি আইকন দেখা যাবে এবং সেখানে ক্লিক করে পেন ও হাইলাইটার ব্যবহার করা যাবে। একাধিক রং ও বিভিন্ন স্ট্রোকের পুরুত্ব বেছে নেওয়ার সুযোগও মিলবে। ভুল হলে তাৎক্ষণিকভাবে মুছে ফেলার জন্য ইরেজার সুবিধাও রাখা হয়েছে।

এত দিন ক্রোমে কোনো পিডিএফ ডাউনলোড করলে সেটি প্রথমে কম্পিউটারে সংরক্ষণ করতে হতো। পরে প্রয়োজন হলে আলাদাভাবে গুগল ড্রাইভে আপলোড করতে হতো। নতুন আপডেটে এই মধ্যবর্তী ধাপটি বাদ দেওয়া হচ্ছে। ডাউনলোড বাটনের পাশে যুক্ত হওয়া নতুন একটি বিকল্পের মাধ্যমে পিডিএফ সরাসরি গুগল ড্রাইভে সংরক্ষণ করা যাবে। ফলে ফাইল ব্যবস্থাপনা সহজ হবে এবং আলাদা করে আপলোডের ঝামেলা কমবে।

সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ